কর পরিশোধের নিম্ন হারে অর্থমন্ত্রী উদ্বিগ্ন, সংস্কারের প্রস্তাব
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান অভ্যন্তরীন সম্পদ সংগ্রহের হার বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব উত্থাপন করেছেন।
অর্থমন্ত্রী সংসদে বাজেট বক্তৃতায় কর বৃদ্ধি করার কথাও বলেন। বর্তমানে এ খাতে রাজস্ব আয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র সাড়ে দশ শতাংশ।
কর প্রশাসনকে শক্তিশালীকরণ, কর কর্মকর্তাদের বিচার ক্ষমতা হ্রাস এবং প্রত্যক্ষ করের মাধ্যমে রাজস্ব আয় বাড়িয়ে বিনিয়োগ প্রবৃদ্ধি অর্জনের কথাও অর্থমন্ত্রী বলেছেন। প্রস্তাবিত বাজেটে আয়করের হার অপরিবর্তিত রেখে করমুক্ত আয়ের সীমা বর্তমান এক লাখ টাকা থেকে বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকা করার কথা বলা হয়।
তালিকা বহির্ভূত কোম্পানীর প্রদেয় করের হার বর্তমানের শতকরা ৩৭.৫ ভাগ থেকে বৃদ্ধি করে শতকরা ৪০ ভাগ করার প্রস্তাব রাখা হয়েছে। তবে এ বর্ধিত হার ২০০৬-০৭ অর্থবছর থেকে কার্যকর করার কথা।
করের আওতা বাড়ানো, কর পরিশোধ ও সংগ্রহ পদ্ধতি সহজীকরণ এবং কর হার সুষম করার লক্ষ্যে অর্থমন্ত্রী ব্যাংক গুলোর জন্য মন্দ ও সন্দেহজনক ঋণ সুবিধা ২০০৬-০৭ অর্থবছর থেকে শতকরা এক ভাগের বদলে শতকরা দুই ভাগ করার প্রস্তাব রাখা হয়েছে।
অর্থমন্ত্রী কোম্পানিগুলোর ডিভিডেন্ড বিতরণের ওপর প্রদেয় ১০ শতাংশ হারে অগ্রিম আয়কর আদায় স্থগিত রাখার প্রস্তাব করেছেন। এছাড়া তিনি অনুমোদিত বিভিন্ন সিকিউরিটি ও বন্ডের লভ্যাংশের ওপর প্রদেয় অগ্রিম আয়করের বর্তমান হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার পক্ষে মত প্রকাশ করেন।
তিনি আরও প্রস্তাব করেন যে আয়কর অধ্যাদেশের ৮২ ধারা অনুসারে চার্টার্ড একাউন্ট্যান্ট কর্তৃক নিরীক্ষিত ট্যাক্স রিটার্নে পূর্বতন হিসাবের চেয়ে কম আয় বা লোকসান দেখানো যাবে না।
এ ছাড়া বীমা প্রতিষ্ঠানসমূহের হিসাব দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। এ সব প্রতিষ্ঠানের অতিরিক্ত লভ্যাংশের অনুমোদনযোগ্য ব্যয় এক লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৯২ হাজার টাকা করা হয়েছে।
অর্থমন্ত্রী হাসপাতালগুলোর করমুক্তি সুবিধা এ বছরের ৩০ জুন থেকে বাড়িয়ে ২০০৮ সালের ৩০ জুন পর্যন্ত করার সুপারিশ করেছেন। পোলট্রি ফার্ম, ডেইরি ফার্ম এবং পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানের করমুক্তি সুবিধাও এক বছর বাড়িয়ে ২০০৬ সালের ৩০ জুন করার সুপারিশ করেছেন তিনি।
ট্যাক্স হলিডে সুবিধা ও গোপন অর্থের বৈধতা যথাক্রমে আরও তিন এবং এক বছর বাড়ানোর কথা বলা হয়েছে । সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদত্ত অনুদান কর রেয়াত সুবিধার আওতা রাখার সুপারিশ করা হয়েছে।
অর্থমন্ত্রী এক পর্যায়ে বলেন, কর পরিশোধ না করার সংস্কৃতি দূর করতে না পারলে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না।
