কোটামুক্ত পরিস্থিতির কর্মপরিকল্পনায় প্রস্তাবিত বাজেট বরাদ্দ ৪০ মিলিয়ন মার্কিন ডলার
তৈরী পোশাক শিল্পের বর্তমার বাজার সুসংহত ও সম্প্রসারণ করা এবং কোটা বিলুপ্তির ফলে যেন এর ওপর কোনও বিরূপ প্রভাব না পড়ে, সে লক্ষ্যে ৪০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ সম্বলিত ‘পোস্ট এমএফএ অ্যাকশন পোগ্রাম’ শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এ তথ্য প্রকাশ করেন।
মন্ত্রী জানান, বিভিন্ন উন্নয়ন সহযোগীর সহায়তায় এ অর্থ সরবরাহ করা হবে।
তিনি বলেন, তৈরী পোষাক শিল্পের বর্তমান বাজার সুসংহত ও সম্প্রসারণ করার লক্ষ্যে অধিকতর দক্ষ ও উৎপাদনশীল বস্ত্র খাত প্রয়োজন।
সাইফুর রহমান বলেন, সরকার এবং উদ্যোক্তাসহ সকলের সহযোগিতার কারণে ২০০৫ সালের জানুয়ারি মাস থেকে কোটা বিলুপ্তির পরও পোশাক রফতানির ওপর তেমন কোনও বিরূপ প্রভাব পড়েনি।
তিনি বলেন, বিশ্ববাজারে দেশের পোশাক শিল্পের যথাযথ প্রতিযোগিতামূলক অবস্থান টিকিয়ে রাখার লক্ষ্যে সরকার সব ধরনের উদ্যোগ ও কর্মপরিকল্পনা নিয়েছে।
তিনি বলেন, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পর্যায়ে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নসহ কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে এবং নিউজিল্যান্ডে আমাদের পণ্য শুল্ক মুক্ত প্রবেশের সুযোগ পেয়েছে।
গার্মেন্টস শিল্পে বাংলাদেশের রফতানী আয় ২০০২-০৩ অর্থবছরে ছিল ৪৯১২ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০০৩-০৪ অর্থবছরে এটি দাঁড়িয়েছে ৫৬৮৬ দশমিক ০৯ মিলিয়ন ডলার।
