২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রমাগত বেড়েই চলছে মূল্যস্ফীতি, গড় হার ৬ দশমিক ৩২ শতাংশ

দেশের মূল্যস্ফীতি ক্রমাগত বেড়েই চলছে। মূল্যস্ফীতির উর্ধ্বগতির রাশ টানতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসের গড় মূল্যস্ফীতির হার ছয় দশমিক ৩২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 04:58 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

গত অর্থবছরে এ সময় এ হার ছিল পাঁচ দশমিক ৮৭ শতাংশ। ফলে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় এ বছরের নয় মাসে দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। গত পুরো অর্থবছরে গড়ে এ হার ছিল পাঁচ দশমিক ৮৩ শতাংশ।

জাতীয় সংসদে বৃহস্পতিবার উপস্থাপনকৃত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০০৫-এ এ তথ্য প্রকাশ করা হয়।

সমীক্ষায় দেখানো হয়, এ অর্থবছরের জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল পাঁচ দশমিক ৬৫ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে মার্চে এসে দাঁড়িয়েছে ছয় দশমিক ৭১ শতাংশ। এর মধ্যে খাদ্য ও খাদ্য বর্হিভূত উপখাতে বেড়েছে যথাক্রমে আট দশমিক ২২ শতাংশ ও চার দশমিক ৩৪ শতাংশ। যদিও চলতি বছরের প্রথম নয় মাসে খাদ্য ও খাদ্য বর্হিভূত উপখাতে গড় মূল্যস্ফীতির হার যথাক্রমে সাত দশমিক ৭৬ শতাংশ এবং চার দশমিক ১৫ শতাংশ।

সমীক্ষায় মূল্যস্ফীতি সম্পর্কে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের মূল্য বাড়ায় মূল্যস্ফীতির হারের কিছুটা উর্ধ্বগতি পরিলক্ষিত হয়। ২০০৪ সালের অক্টোবরের তুলনায় ২০০৫ সালের মার্চে হ্রাস পেয়েছে।

চলতি অর্থবছরে অক্টোবরে মূল্যস্ফীতি ছিল সবচেয়ে বেশি। এ মাসে গড় মূল্যস্ফীতির হার ছিল সাত দশমিক ৯২ এবং খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪৬। বন্যার কারণে অক্টোবরে খাদ্য খাতে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। গত পাঁচ বছরের মধ্যে চলতি বছরেই সর্বোচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। নতুন বেতন কাঠামো, বৃহৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের কারণে ইতোমধ্যে দেশের র্শীষস্থানীয় অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি আরও বাড়ার ব্যাপারে আশংকা প্রকাশ করেছেন। বাংলাদেশ ব্যাংক গভর্নর অবশ্য ইতোমধ্যে উল্লেখ করেছেন, উচ্চ বৈদেশিক অর্থায়নের মাধ্যমে আগামী বাজেটে মূল্যস্ফীতি হ্রাসের কৌশল নিয়েছে সরকার। অন্যদিকে, অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়, শুল্ক হার পুনঃনির্ধারণের মত সরকারের অন্যান্য ব্যবস্থার পাশাপাশি সংযত রাজস্বনীতি ও সর্তক মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হবে।