২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান বাংলাদেশ বাণিজ্য চুক্তি স্বাক্ষর বৃহস্পতিবার

ইরান-বাংলাদেশের মধ্যে বৃহস্পতিবার বাণিজ্য সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এ চুক্তির ফলে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ঘটবে। এফবিসিসিআই’র সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বুধবার ইরানের বাণিজ্যমন্ত্রী শরিয়াত মাদারি এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এফবিসিসিআই সভাপতি আবদুল আওয়াল মিন্টু সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠন সহসভাপতি কামালউদ্দিন আহমেদ, রউফ চৌধুরী, বেহরুজ ইস্পাহানী, মোহাম্মদ আলী এবং ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক পারভেজ রেজাই, শারাফী আগদাম, ইসমেইল সাইদী ও রেজা রেজাই জিয়ারানি।

তিনি বলেন, ঐতিহ্যগতভাবে ইরানের সঙ্গে বাংলাদেশ গভীর সম্পর্ক বিরাজমান থাকলেও দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমান স্বল্প।

আবদুল আওয়াল মিন্টু বলেন, আমরা আশাবাদী, এই বাণিজ্য সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার পাশাপাশি তা দ্রুত বাস্তবায়িত হবে।

শরিয়াত মাদারি বলেন, ইরানের সাম্প্রতিক সংস্কারের পর দুদেশের বাণিজ্য সম্ভবনা বেড়েছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট খাতেমীর নেতৃত্ব অর্থনীতি ও ব্যবসায়ীক কর্মকাণ্ডের ব্যাপক ভিত্তিক সংস্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, সিআইএসভুক্ত ও ককেশাস দেশগুলোতে বাণিজ্যের জন্য বাংলাদেশ ইরানকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারে।

এছাড়া তিনি গ্যাস ও পেট্রোকেমিক্যাল খাতে বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

ইরানের বানিজ্যমন্ত্রী শরিয়াত মাদারি বাংলাদেশের ফার্মাসিটিক্যাল খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ্য করেন। তিনি এদেশের ওষুধ, পাট ও চা রপ্তানির সম্ভাবনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ইরানে চাল ও পাট রপ্তানির জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের আগে বিভিন্ন মন্ত্রণালয়ের লাইসেন্স করতে হতো। কিন্তু এখন শুধু শুল্ক প্রদানের মাধ্যমে রপ্তানি করা হবে।

ইরানের বাণিজ্যমন্ত্রী ও এফবিসিসিআই সভাপতি উভয়েই স্মারক উপহার বিনিময় করেন।

ইরানের বাণিজ্যমন্ত্রী ডিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেন।