এক্সপো ২০০৫: সবার নজর বাংলাদেশের দিকে
‘ওয়ার্ল্ড এক্সপো ২০০৫’ এ বাংলাদেশ প্যাভিলিয়ন এখন বিশেষ আগ্রহের কেন্দ্র। জাপানের আইচি শহরে এ মেলায় বৃহস্পতিবার বাংলাদেশ উদযাপন করছে ‘এক্সপো ন্যাশনাল ডে’। বিশ্ববাসীর কাছে তুলে ধরা হচ্ছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও তৈরি সামগ্রী ।
মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন দেখে মনে হচ্ছিলো যেন মিনি বাংলাদেশ। এর পাশে দাঁড়ানো বাংলাদেশ সেকশনের ডেপুটি কমিশনার জেনারেল এম আব্দুল মতিন বলেন, বিশ্বের বৃহত্তম এ বাণিজ্যমেলা বাংলাদেশকে বর্হিবিশ্বের কাছে উপস্থাপিত করার ক্ষেত্রে আমাদের জন্য বিরাট এক সুযোগ এনে দিয়েছে।
বাংলাদেশ প্যাভিলিয়নের ডিরেক্টর এম আব্দুল হালিম জানান, এ বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া এ মেলায় বাংলাদেশী স্টলে প্রতিদিন প্রায় ৫০ হাজার দর্শনার্থী ভিড় জমাচ্ছে।
বিশ্বের ১১৮ টি দেশ মেলায় অংশ নিয়েছে। মেলা চলবে সেপ্টেম্বর
পর্যন্ত ।
মেলার আয়োজকরা ধারণা করেছিলেন, ছয় মাসব্যাপী এ মেগা শো’তে জাপানী নাগরিকসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেড় কোটি (১৫ মিলিয়ন) দর্শনার্থী আসবে। কিন্তু তাদের ধারণাকে ছাড়িয়ে দর্শনাথীর সংখ্যা আড়াই কোটি (২৫ মিলিয়ন) গড়াবে বলে আশা করা হচ্ছে।
‘এক্সপো দর্শনার্থীদের প্রায় সবাই বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করছে। প্রতিদিন প্রায় ৫০ হাজার দর্শনার্থী আমাদের প্যাভিলিনে আসছে,’ সন্তু‘ষ্টচিত্তে জানান হালিম।
হালিমের নির্দেশনায় বাংলাদেশ প্যাভিলিয়নের এটেনডেন্টরা দর্শনার্থীদের কাছে বাংলাদেশ এবং বাংলাদেশী পণ্য উপস্থাপিত করছে, উষ্ণ আতিথেয়তায়।
এবারের মেলার মূল বাণী হচ্ছে ‘নেচার অব উইজডম’।
প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত হচ্ছে ‘ওয়ার্ল্ড এক্সপো’। বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত বিভিন্ন সামগ্রীর মধ্যে পাটজাত দ্রব্য এবং বেতের সামগ্রীসহ বিভিন্ন হস্তশিল্প রয়েছে।
বাংলাদেশ প্যাভিলিয়নে বেড়াতে এসে সুইজারল্যান্ডের সুজানা বলেন, পাটের তৈরি এসব অভিনব সামগ্রী দেখে আমি মুগ্ধ হয়েছি।
জাপানের মেয়ে নাটসুমি বাংলাদেশী প্যাভিলিয়নে এসেছেন শাড়ি পড়ে। সুজানাকে এখানে তিনিই স্বাগত জানান।
আব্দুল হালিম জানান, অন্যান্য বাণিজ্যমেলার মত আমরা প্যাভিলিয়নে সাজানো শতকরা ২০ ভাগ সামগ্রী বিক্রি করতে পারি। আমাদের আসল লাভ হচ্ছে, জাপানসহ অন্যান্য দেশ এসব সামগ্রী আমদানির ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করছে।
ডেপুটি কমিশনার জেনারেল মতিন বলেন, বাংলাদেশ থেকে ঔষধ সামগ্রী আমদানির ব্যাপারে ইতোমধ্যে আফ্রিকার অনেক দেশই ব্যাপক আগ্রহ দেখিয়েছে।
তিনি বিডিনিউজকে বলেন, আমি এ ব্যাপারে বাংলাদেশের ঔষধ শিল্প প্রতিষ্ঠানসমূহ এবং আফ্রিকার সম্ভাব্য ক্রেতাদের সাথে যোগাযোগ রাখছি।
শাড়ি ও তৈরী পোশাকসহ ঐতিহ্যবাহী সামগ্রী ছাড়াও প্যাভিলিয়নে দুটি পুরনো তাঁতযন্ত্র ও পরিবেশ উপযোগী তিনটি রিকসা প্রদর্শন করা হচ্ছে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল জাগিয়েছে।
বাংলাদেশী প্যাভিলিয়নে প্রতিদিনই সাপুড়ে’র উপস্থাপনা দর্শনার্থীদের চিত্তের খোড়াক জোগাচ্ছে।
আব্দুল মতিন বলেন, বাংলাদেশের সামগ্রী ও সংস্কৃতি প্রতিদিন ৫০ হাজার দর্শনার্থীর কাছে তুলে ধরা হচ্ছে। বৃহস্পতিবার মেলায় বাংলাদেশের জাতীয় দিবসে আমরাই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।
তিনি আরও বলেন, আমরা আশা করছি, জাপানের গণ্যমান্য ব্যক্তিরা, ব্যাবসায়িক নেতৃবৃন্দ এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যাবসায়ীরা আমাদের জাতীয় দিবসে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ ও বাংলাদেশে তৈরি সামগ্রী সবার কাছে উপস্থাপন করার এটাই হবে মোক্ষম সময়।
আব্দুল হালিম আরও বলেন, ‘এক্সপো-২০০৫’ এ অংশগ্রহণকারী জাপান এবং অন্যান্য দেশের বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ ঘটচ্ছে আমাদের জাতীয় দিবসে।
