২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১তম বাজেট পেশ করে রেকর্ড গড়তে যাচ্ছেন সাইফুর রহমান

জাতীয় সংসদে বাজেট পেশ করার রেকর্ডে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পেশকৃত ৩৫টি বাজেটের মধ্যে ইতোমধ্যেই তিনি ১০টি বাজেট পেশ করেছেন এবং বৃহস্পতিবার ২০০৫-২০০৬ অর্থবছরের বাজেট পেশ করলে তা হবে তার ১১তম বাজেট।

প্রবীণ এই মন্ত্রী ১৯৮০-৮১ সালে প্রথম বাজেট পেশ করেন এবং দ্বিতীয় বার পেশ করেন ১৯৮১-৮২ সালে। ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে সাইফুর রহমান পাঁচবার বাজেট পেশ করেন। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় আসার পর এ নিয়ে তিনি চতুর্থবারের বাজেট প্রস্তাব পেশ করতে যাচ্ছেন।

তার পেশকৃত প্রথম বাজেট ছিলো ৪,১০৮ কোটি টাকার। এবারে ৬৪,০০০ কোটি টাকার বিপুল পরিমাণ বাজেট পেশ করতে যাচ্ছেন তিনি।

সংস্কারমূলক অর্থনীতি বিশেষজ্ঞ হিসেবে এম সাইফুর রহমান অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ১৯৯১ সালে ব্যাংকিং ব্যবস্থার সংস্কার ও ভ্যাট চালু করে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

২০০১ সালে তিনি প্রায় সকল অর্থনৈতিক খাতে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। অলাভজনক সরকারি আদমজী মিল বন্ধের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর মাধ্যমে তিনি অবাধ বিনিময় হার চালু করেন।

তবে ব্যাংক সুদ বৃদ্ধি করার ফলে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা তার পদক্ষেপের কঠোর সমালোচনা করেন।