নোয়াখালীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প বিলুপ্তির পথে
নোয়াখালীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।
এ শিল্পের সাথে জড়িত তাঁতি পরিবারের সদস্যরা এখন রিক্সা ও ঠেলাগাড়ি চালাচ্ছে, শ্রমিক হিসেবে কাজ করছে বিভিন্ন কলকারখানায়। কেউ আবার টেক্সটাইল মিলের উৎপাদিত কাপড় ফেরি করছে। ঋণের দায়ে সর্বস্ব হারিয়ে ভিক্ষাবৃত্তির পথও বেছে নিয়েছে কেউ কেউ।
জেলার নেয়াজপুর, সোন্দলপুর, ঘোষবাগ, খলিফার হাট, ওদারহাট, বিনোদপুর, দৌলতপুর, ধর্মপুর, করমবক্স, হোরম্বী এলাকা এক সময় তাঁত শিল্পে সমৃদ্ধ ছিল। তাঁতিদের কাপড় বুনার শব্দে মুখরিত ছিল এসব এলাকা। ৩০ হাজারেরও বেশি লোক জীবন নির্বাহ করত হস্তচালিত তাঁতে কাপড় বুনে।
কিন্তু সে দিন এখন আর নেই। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে হস্তচালিত তাঁতের জায়গায় গড়ে উঠেছে আধুনিক টেক্সটাইল মিল। আবার হস্তচালিত তাঁত শিল্পের উন্নয়নে তেমন কোনও সরকারি কিংবা বেসরকারি উদ্যোগ নেই। ফলে এ শিল্পের সাথে জড়িত দরিদ্র তাঁতিদের দুঃখ-দুর্দশার কথা অজানাই থেকে গেছে। এভাবে নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প দিনে দিনে বিলুপ্ত হয়ে এখন মৃত্যুর দুয়ারে কড়া নাড়ছে।
সরেজমিনে অনুসন্ধান করে জানা গেছে, বর্তমানে জেলার প্রায় সবগুলো তাঁতী পাড়ায় তাঁতের কাজ বন্ধ হয়ে গেলেও বিনোদপুর, হোরম্বী ও জয়াগ গ্রামে কিছু তাঁতি এখনও তাদের পেশা ধরে রেখেছে। তাঁত শিল্পের বিলুপ্তির কারণ সম্পর্কে বিনোদপুর গ্রামের তাঁতি নিত্যানন্দ দেবনাথ জানান, টেক্সটাইল মিলে উৎপাদিত কাপড়ের চাকচিক্য ও প্রচারণার কারণে তাঁতের কাপড়ের গ্রহণযোগ্যতা কমে গেছে। কানাই বিশ্বাস নামে অন্য এক তাঁতি বলেন, তাঁতে এক গজ কাপড় বুনতে সাত টাকা খরচ পড়ে আর টেক্সটাইল মিলে খরচ পড়ে মাত্র ৯০ পয়সা।
দেশ-বিদেশে তাঁতজাত সামগ্রীর যথেষ্ট চাহিদা সত্ত্বেও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও পুঁজির অভাবে বহু তাঁতি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন পূর্বপুরুষদের পেশা। ফলে কর্মহীন অনেক তাঁতি পরিবার দিন কাটাচ্ছে চরম শোচনীয় অবস্থ্ায়।
তাঁত শিল্পের সাথে জড়িত অনেকেই মত প্রকাশ করেছেন, ক্ষুদ্র ঋণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মানসম্পন্ন বস্ত্র উৎপাদনের মাধ্যমে নোয়াখালীর ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আবার জাগিয়ে তোলা যাবে।
