২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া মজুরির দাবিতে যশোরে দু‘টি রাষ্ট্রায়ত্ব পাটকলের প্রায় চার হাজার শ্রমিকের অফিস ঘেরাও

বকেয়া বেতন ও মজুরির দাবিতে সোমবার যশোরের দু‘টি রাষ্ট্রায়ত্ব পাটকলের প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারি সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পাটকলের অফিস ঘেরাও করে করে রাখে। এ সময় প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

যশোরের শিল্পাঞ্চল অভয়নগর এলাকার যশোর জুট ইন্ডাস্ট্রিজ এবং কার্পেটিং জুট মিল আর্থিক সংকট ও কাঁচামাল পাটের অভাবে কার্যত বন্ধ আছে। বর্তমানে পাটকল দু’টির শ্রমিক কর্মচারিদের বেতন ও মজুরি বকেয়া আছে প্রায় ছয় কোটি টাকা।

সোমবার যশোর জুট ইন্ডাস্ট্রিজ ঘেরাও কর্মসূচি শেষে সিবিএ সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কার্পেটিং জুট মিলের অফিস ঘেরাও শেষে সেখানেও সিবিএ সভাপতি আলম খানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ দু’টিতে বক্তারা অবিলম্বে বেতন ও মজুরি পরিশোধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সরকার সময় মতো পাট ক্রয়ের জন্যে অর্থ বরাদ্দ করলে এ অবস্থার সৃষ্টি হতো না।

কার্পেটিং জুট মিলের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম ঘেরাও কর্মসূচির ব্যাপারে বলেন, শ্রমিক-কর্মচারিদের দাবি ন্যায় সঙ্গত। তারা দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।