গ্রামীণ ফোন গ্রাহকদের দ্রুত গতির ইন্টারনেট সেবা দেবে
সারাদেশের গ্রাহকদের বিশেষ করে যুব ও ব্যবসায়ী সম্প্রদায়কে আকৃষ্ট করতে গ্রামীণ ফোন ব্যাপক গ্রাহক সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে।
নগরীর হোটেল সোনারগাঁওয়ে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক এ্যাস এই ঘোষণা দেন।
সম্মেলনে কর্মকর্তারা জানান, এসব সুবিধার অংশ হিসেবে বৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন শিগগির গ্রাহকদের জন্য ‘ইডিজিই’ সার্ভিসের মাধ্যমে মোবাইলে ইন্টারনেট সুবিধা দেবে। বর্তমানের ০ দশমিক ১ শতাংশ ইন্টারনেট এ্যাকসেস বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মার্কেটিং ডিরেক্টর কফিল এইচএস মুয়িদ, প্রধান কারিগরি কর্মকর্তা যুগেশ মালিক এবং তথ্য বিভাগের জেনারেল ম্যানেজার সৈয়দ ইয়ামিন বখত বক্তব্য রাখেন।
দেশের সবচেয়ে বড় সেল ফোন সরবরাহকারি প্রতিষ্ঠান গ্রামীণ ফোন প্রথমবারের মত ‘ইডিজিই’ (ইনহ্যান্সড ডেটা রেটস ফর গ্লোবাল ইভল্যুশন) ব্যবস্থা প্রবর্তন করছে। যার মাধ্যমে গ্রাহকরা দ্রত গতির মোবাইল ইন্টারনেট এবং উপাত্ত সার্ভিস সুবিধা পাবে।
এরিক এ্যাস সাংবাদিকদের বলেন, এ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা ভিডিও ও মিউজিক ক্লিপস ডাউনলোডিং, ফুল মাল্টি মিডিয়া মেসেজিং (এমএমএস), দ্রতিগতির রঙিন ইন্টারনেট এ্যাকসেস ও ই-মেইলের মতো অগ্রসরমানের মোবাইল সেবার সুবিধা ভোগ করতে পারবে।
তিনি আরও বলেন, ‘ইডিজিই’ জিপিআরএস (জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস) সিস্টেমের চেয়ে আটগুন বেশি দ্রুত গতি সম্পন্ন। প্রথমে ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকদের এই সুবিধার আওতায় আনা হবে এবং পরে ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলেও তা সম্প্রসারণ করা হবে।
গ্রামীন ফোন অন্যান্য অপারেটর যেমন একটেল, সিটিসেল ও বাংলালিংকের চেয়ে দেশের ৬০ শতাংশ জনসংখ্যা ও ৬০ শতাংশ বেশি এরিয়া কভারেজ দিচ্ছে।
