২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান সরকারের আর্থিক সহায়তায় ৫ বছরে বাপেক্সের ৮০ জন কর্মকর্তার প্রশিক্ষণ লাভ

জার্মান সরকারের ‘ফেডারেল ইনস্টিটিউশন ফর জিয়ো-সায়েন্সেস এন্ড ন্যাটারাল রিসোর্স (বিজিআর)’-এর আর্থিক সহায়তায় বাপেক্সের ৮০ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

দেশে জ্বালানি তেল এবং গ্যাস উৎপাদনে আধুনিক প্রযুক্তিগত সহায়তা এবং মানব উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

সোমবার বাপেক্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০০ সালের মার্চ মাসে তিন বছর মেয়াদি এই প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। ২০০৩ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও পরে আরও দুই বছর বৃদ্ধি করা হয়। চলতি ২০০৫ সালের জুন মাসে এ প্রকল্পে মেয়াদ শেষ হওয়ার কথা।

এই প্রকল্প বাস্তবায়নে জার্মান সরকার ২ মিলিয়ন ইউরো প্রদান করে। প্রকল্পের যাবতীয় কর্মকাণ্ড বিজিআর’র বিশেষজ্ঞদের তত্বাবধানে এবং পরিচালনায় সম্পন্ন হয়।

বিজিআর ভবিষ্যতেও তেল ও গ্যাস খাতে বাপেক্স এবং পেট্রোবাংলা সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে। প্রতিষ্ঠানটি খনিজ সম্পদ উত্তোলন এবং উন্নয়নে বাংলাদেশের দক্ষতা বৃদ্ধি ও লক্ষ্য অর্জনে সবসময় বাপেক্স ও পেট্রোবাংলাকে পরামর্শ দিয়ে আসছে।

১৯৭০ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে প্রথম এ ধরনের একটি চুক্তি হয়। চুক্তির প্রেক্ষিতে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম পরামর্শক প্রকল্প’ গঠিত হয়। প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৭০ মিলিয়ন ইউরো ব্যয়ে মোট ৯টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

প্রকল্পগুলোর আওতায় বাপেক্স’র কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কারিগরি সহায়তা, রিজার্ভ মূল্যায়নসহ বিভিন্ন ধরণের কাজ হয়। গত পাঁচ বছরে মানব সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ থেকে ৮ জন ভূ-বিজ্ঞানীসহ বাপেক্স’র ৮০ জন কর্মী প্রশিক্ষণ পেয়েছেন।

প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের ফলে বাপেক্স তেল ও গ্যাস উন্নয়ন ও উৎপাদনের তাদের কর্মদক্ষতা বেশ বৃদ্ধি পেয়েছে।

বাপেক্স বলেছে, এই সুযোগ তাদের জন্য একটা মাইলফলক। যা বাংলাদেশের তেল এবং গ্যাস বিশেষজ্ঞদের আন্তর্জাতিক মানে উন্নীত করবে এবং দেশের তেল ও গ্যাস উত্তোলন কাজকে আরও সমৃদ্ধ করবে।