২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসম্পন্ন পণ্য উৎপাদন নির্ভর করে মানসম্পন্ন রাজনীতি ও প্রশাসনের ওপর: মিন্টু

এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু রোববার দেশের উৎপাদন খাতে পণ্যের মান উন্নয়নের লক্ষ্যে রাজনীতি ও প্রশাসনিক মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

তিনি বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডারাইজেশন অরগ্যানাইজেশনের (আইএসও) মান অনুযায়ী পিডিবি, ওয়াসা কিংবা বিটিটিবিসহ সরকারি সকল সেবা খাতের মান নিশ্চিত করার জন্য সময়সীমা বেধে দেওয়া উচিত। এই পদ্ধতি এখন এশিয়ার কয়েকটি দেশেও প্রচলিত।

বিয়াম মিলনায়তনে আয়োজিত এক কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কোয়ালিটি ইনস্টিটিউট অব আমেরিকা (কিউআইএ), ইউএসআর বাংলাদেশ, ইউনিট্রেন্ড লিমিটেড, বিডিজবস ডট কম এবং ক্যাটালিস্ট এর যৌথ সহযোগিতায় কোয়ালিটি ফোরাম অব বাংলাদেশ ‘আইএসও ৯০০০ সার্টিফিকেশন: ইনভেস্টমেন্ট অর এ পিস অব প্যাপার?’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।

উন্নত দেশগুলোর কথা উল্লেখ করে মিন্টু বলেন, কেবল সমৃদ্ধ রাজনীতির মাধ্যমে পরিচালিত প্রশাসনই পণ্যের মান উন্নয়ন নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, একটি ভালো সামাজিক অবকাঠামোয় ভালো রাজনীতির চর্চায় সমর্থনপুষ্ট সুশাসনই মানসম্পন্ন পণ্য উৎপাদনের সুযোগ তৈরি করতে পারে।

এফবিসিসিআই সভাপতি বলেন, বিশ্ব বাজারে মানসম্পন্ন পণ্য নিয়ে প্রতিযোগিতা করার ক্ষেত্রে যদিও বাংলাদেশের প্রয়োজনীয় যোগ্যতার ঘাটতি রয়েছে, তরাপরও পণ্যের মান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত।

বেশ কিছু উন্নত দেশে, যেখানে সরকারি সেবা খাতকেও আইএসও মান নিশ্চিত করতে হয়, সেসব দেশের কথা উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু পিডিবি, ওয়াসা এবং বিটিটিবি’র মতো সকল রাষ্ট্রায়ত্ব খাতের উত্তম সেবা নিশ্চিত করার জন্য এ ধারা চালু করতে সময়সীমা বেধে দেওয়ার প্রস্তাব করেন।

কর্মশালায় বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের উপস্থিতিতে বেশ কয়েক জন গবেষক তাদের আইএসও সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন করেন। তারা শিগগিরই আইএসও সনদ প্রবর্তনের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।