২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রী শুধুমাত্র পুঁজি বাজারে কালো টাকা বিনিয়োগের স্টক এক্সচেঞ্জের আবেদন প্রত্যাখান করেছেন

শুধুমাত্র পুঁজি বাজারে কালো টাকা বিনোয়োগের জন্য ঢাকা স্টকএক্সচেঞ্জের (ডিএসই) আবেদন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান রোববার প্রত্যাখ্যান করেছেন। এক্সচেঞ্জ’র মতে, কালো টাকার মালিকদের শেয়ার বাজারে বিনোয়োগের যথেষ্ট দক্ষতা নাও থাকতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অর্থ মন্ত্রণালয়ে আলাপকালে মন্ত্রী ডিএসই নেতাদের বলেন, যাদের কালো টাকা আছে তাদের পুঁজি বাজারে বিনিয়োগ করার যথেষ্ট জ্ঞান বা দক্ষতা নাও থাকতে পারে।

তিনি বলেন, আগামী ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার বাড়তি সময়ে ৭ দশমিক ৫ শতাংশ হারে কর প্রদান করে কালো টাকার মালিকরা যে কোনও খাতে তাদের টাকা বিনিয়োগ করতে পারে। এতে কোনও সমস্যা নেই।

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সাফিুর রহমান কালো টাকা সাদা করার সময় আরও এক বছর (জুন ২০০৬) বৃদ্ধি করে কঠোর সমালোচনার মুখে পড়েন।

সভাপতি শাহিখ খানের নেতৃত্বে এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ রোববার প্রস্তাবিত বাজেটের কয়েকটি বিষয়ে তাদের পর্যবেক্ষন অর্থমন্ত্রীকে অবহিত করতে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শাহিখ খান অর্থমন্ত্রীকে বলেন, যদি কালো টাকা বিনিয়োগ চক্রের অধীনে আনা হয়, তবে তা দেশে অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সাইফুর রহমান আরও বলেন, আমি জানি কালো টাকার মালিকরা, ব্যাংকে টাকা ফেলে রাখবে না। কর প্রদান করে তারা তাদের টাকা যে কোনও খাতে বিনিয়োগ করতে পারে।

তিনি বলেন, অঘোষিত আয় সবসময় কালো টাকা নয়। কালো টাকার মধ্যে অনেক টাকাই মূলত কর বহির্ভুত আয়।

ডিএসই একটি সুন্দর বাজেট উপহার দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ সময়ে অন্যান্যের মধ্যে অর্থসচিব জাকির আহমেদ খান, ডিএসই’র সহ সভাপতি আহমেদ রশিদ লালি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান উপস্থিত ছিলেন।