বিধিমালা আরোপে বাড়াবাড়ি বিনিয়োগের অন্তরায়: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার বলেছেন, বিধিমালা আরোপে বাড়াবাড়ি শুধু বিদেশী বিনিয়োগকেই ব্যাহত করে না দেশী ব্যবসা বাণিজ্যেরও যথেষ্ট ক্ষতি করে।
ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সার্বিকভাবে সামাজিক সুরক্ষার জন্যে বিধিমালা প্রণয়নে ও প্রয়োগে ভারসাম্যপূর্ণ হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাধাসমূহ দূর করার জন্যই শুধু নয়, সামাজিক কিছু উদ্দেশ্য অর্জনের জন্যও বিধিমালা সংস্কার প্রয়োজন। তবে এ সংস্কার সকল দেশের জন্য এক হতে পারেনা। রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা, এর আয়তন, জনসংখ্যা এবং তাদের চাহিদার ওপর ভিত্তি করে সংস্কারের উদ্যোগ নিতে হবে।
বিশ্বব্যাংকের ফরেন ইনভেস্টমেন্ট এ্যাডভাইজারি সার্ভিস (এফআইএএস), সাউথএশিয়া এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) ও ডিএফআইডি আয়োজিত ‘বিধিমালা সংস্কার ও বাস্তবায়ন’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের আঞ্চলিক গোলটেবিল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বেসরকারি খাতের উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা দিয়ে আসছে এবং বিধিমালা সংষ্কারের মাধ্যমে ব্যবসার উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে। এতে স্থানীয় বিনিয়োগের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী বলেন, ২০০৪ সালে মোট বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ৬শ’ ৫৩ মিলিয়ন মার্কিন ডলার। পুববর্তী বছরের তুলনায় যা ৪৮ শতাংশ বেশি ছিল।
বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার স্টিফেন ব্রিজেস। মূল বক্তব্য উপস্থাপন করেন এফআইএএস-এর ম্যানেজার থমাস ডেভেনপোর্ট। এ ছাড়াও বৈঠকে অন্যান্যের মধ্যে আইএফসি/এসইডিএফ এর জেনারেল ম্যানেজার অনিল সাহা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ব্রিজেস বলেন, প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য বিধিমালা সংস্কার অপরিহার্য। তিনি বাংলাদেশে এ যাবৎ বাস্তবায়িত সংস্কার কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বেসরকারি বিনিয়োগের জন্য ইতিবাচক বিধিমালার সংস্কার প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।
