জি-৭৭ সম্মেলনে যোগ দিতে প্রধান মন্ত্রীর ঢাকা ত্যাগ
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুদিন ব্যাপি দ্বিতীয় ‘সাউথ-সাউথ সামিটে’ যোগ দিতে মঙ্গলবার বিকেলে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জি-৭৭-এর এ সম্মেলন বুধবার থেকে শুরু হবে।
প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাতীয় পতাকাবাহী একটি বিমানে বেলা ২টা ২৮ মিনিটে ঢাকা ত্যাগ করেন।
দেশের কূটনীতিক, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
৩০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী বেগম খালেদা জিয়া সম্মেলনে যোগদানের পাশাপাশি কাতারের আমির, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং নেপালের রাজাসহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন সম্মেলন পূর্ব বৈঠকে অংশ নিতে বর্তমানে দোহায় অবস্থান করছেন।
উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলা, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্যে সাহায্য বরাদ্দ এবং সল্পোন্নত দেশগুলোর উৎপাদিত পণ্যের শুল্ক মুক্ত বিশ্ব বাজার সুবিধা নিয়ে আলোচনা করতে বিশ্বের ৫০টি উন্নয়নশীল দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই জি-৭৭ সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন জি-৭৭-এর চেয়ারম্যান জামাইকার প্রধানমন্ত্রী, স্বাগতিক দেশ কাতারের আমির এবং জাতিসংঘের মহাসচিব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০০০ সালে অনুষ্ঠিত হাভানা সম্মেলনের ফলো-আপ হিসেবে দোহার এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উন্নয়নশীল ও সল্পোন্নত দেশগুলোর জন্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাহায্য ও বাণিজ্যক সম্পকের্র ক্ষেত্রে শক্তিশালী ঐক্য গড়ে তোলা এর একটি মুখ্য উদ্দেশ্য।
বাংলাদেশ দোহা সম্মেলনে জেনারেল সিস্টেম অব ট্রেড প্রেফারেন্স (জিএসটিপি), বিনিয়োগ এবং সর্বোত্তম চর্চার বিনিময় বৃদ্ধির ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ওপর জোর দেবে।
এ সম্মেলনে দোহা ঘোষণা এবং দোহা কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৬ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
