সম্পূরক বাজেটে ২ দশমিক ৮২ শতাংশ ব্যয় কমেছে: সাইফুর
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, সম্পূরক বাজেটে (২০০৪-০৫) ব্যয় বাড়ানো হয়নি। বরং এতে ব্যয় কমেছে ২ দশমিক ৮২ শতাংশ।
মঙ্গলবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর তার সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বৈঠকে সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী বলেন, বিদায়ী অর্থবছরে দেশের বন্যা নিয়ন্ত্রণে ২৮৭ কোটি, কৃষি ভর্তুকি খাতে ৬১৫ কোটি এবং সাহায্য মঞ্জুরী খাতে ৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে যা দেশের কল্যাণমূলক কাজেই ব্যবহৃত হয়েছে।
প্রস্তাবিত ২০০৫-০৬ সালের বাজেটে মোবাইল সেটের কর হ্রাস এবং সিম কার্ডে করারোপের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলোর সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধভাবে মোবাইল সেট আমদানি খরচের চেয়েও এর খরচ কমিয়ে দেওয়া হয়েছে। যাতে সরকার রাজস্ব পায়।
তিনি বলেন, বাংলাদেশের মোবাইল অপারেটররা কলচার্জ অনেক বেশি নেয়। যা ভারতের তুলনায় চারগুনেরও বেশি। অথচ তারা সরকারকে অনেক কম টাকা দেয়। এখন লাইসেন্স নিতে অপারেটরদের টাকা লাগে না। তিনি বলেন, বিশ্বের কোথাও মোবাইলের ইনকামিং এর চার্জ নাই। অথচ বাংলাদেশে আছে। তাই করারোপ যুক্তিযুক্ত হয়েছে। এতে এ শিল্পের কোন ক্ষতি হবে না।
