পুরোনো দামে ৫০ হাজার সিম ছাড়বে বাংলালিংক
চলতি মাসের ১৬ তারিখ থেকে নগরীর বসুন্ধরা সিটি মার্কেটে শুরু হতে যাওয়া মোবাইল ফোন মেলায় বাংলালিংকের গ্রাহকরা পুরনো দামেই সিম (এসআইএম) কার্ড কিনতে পারবেন।
মঙ্গলবার নগরীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক কর্তৃপক্ষ এ কথা জানান। তারা বলেন, জুনের ৯ তারিখে এসআরও ইস্যু করার আগে সরবরাহ করা ৫০ হাজারেরও বেশি সিম মেলায় প্যাকেজের মাধ্যমে বিক্রি করা হবে। আর এসআরও ইস্যুর আগে যেহেতু সিমগুলো রিলিজ করা হয়েছিল তাই গ্রাকরাও পুরনো দামেই তা কিনতে পারবে।
সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স পি রিচেল্ট বলেন, বাজের এখনও এসআরও মুক্ত প্রায় আড়াই লাখ সিম রয়েছে।
সিমকার্ডের বর্তমান কোটা শেষ হয়ে যাওয়ার পর সিম কেনার সময় নতুন গ্রাহকদের আরোপিত কর হিসেবে অতিরিক্ত ১২শ’ টাকা প্রদান করতে হবে। অবশ্য এর মধ্যে কর প্রত্যাহার করা হলে তাদেরকে এই টাকা দিতে হবে না।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক চলতি মাসের ১৬ তারিখ সকাল ১১ টায় বাংলালিংক বসুন্ধরার মোবাইল মেলা ২০০৫ এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনে বাংলালিংকের পরিচালক (বিপনন) ওমর রশিদও বক্তৃতা করেন।
মেলায় হ্রাসকৃত মুল্যে বাংলালিংকের নেটওয়ার্ক কভারেজ, পণ্য, মুল্য সংযোজিত সেবা, ইন্টারেক্টিভ গেমস এবং মিউজিক শো সহ ওয়াইড রেঞ্জের মোবাইল হ্যাণ্ডসেট সরবরাহ করা হবে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মুল্য ধরা হয়েছে ১০ টাকা।
বাংলালিংক যাত্রার চার মাসের মধ্যে তাদের গ্রাহকসংখ্যা ৪ লাখেরও বেশি এবং নেটওয়ার্ক কাভারেজ ৯ জেলা থেকে বাড়িয়ে ৩২ জেলায় পর্যন্ত বিস্তৃত করেছে।
