জেরক্সের নতুন ৩১ টি পণ্য বাজারে
যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান জেরক্স করপোরেশন বুধবার বাংলাদেশে নতুন ৩১টি পণ্য বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর মধ্যে কপিয়ার, স্ক্যানার ও প্রিন্টারও রয়েছে।
রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেরক্সের নতুন এসব পণ্য বাংলাদেশে ‘ইন্টারন্যাশনাল অফিস ইক্যুইপমেন্ট’ (আইওই) এর মাধ্যমে বাজারজাত হবে। নতুন পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে সেভেন মনো লেজার প্রিন্টার্স, ফাইভ কালার লেজার প্রিন্টার্স, সিক্সটিন এমএফডি, থ্রি ডিএলপি প্রজেকটর, ফাইভ স্ক্যানার এবং টু লেজার ফ্যাক্স।
নতুন পণ্যগুলোসহ ডকুমেন্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের বাজারে জেরক্সের মোট পণ্য সংখ্যা দাঁড়ালো ৬০।
মঈন খান বলেন, ডিজিটালাইজেশনের এই যুগে বিশ্ববাজারে জেরক্সের কপিয়ার ও প্রিন্টার এখন শীর্ষস্থানীয়। তিনি আশা প্রকাশ করেন, অত্যাধুনিক এসব পণ্যের মাধ্যমে যে কোন অফিসেরই আরও সমৃদ্ধি হবে।
বাজারজাতকরণ অনুষ্ঠানে জেরক্স দক্ষিণ এশিয়ার প্রধান এন্ড্রু হর্ন বলেন, আমরা বাজারে আমাদের পণ্যের অবস্থান আরও দৃঢ় করতে চাই। সেজন্যই আমরা পণ্যের বিক্রি বৃদ্ধি এবং সহজ বাজারজাতকরণ কৌশল গ্রহণ করেছি।
তিনি বলেন, যেসব পণ্য বাংলাদেশে চালু করা হলো তা বিশ্বব্যাপী জেরক্স করপোরেশনের কার্যক্রমেরই একটি অংশ। এখন থেকে বাংলাদেশী ক্রেতারা বিশ্বের যে কোনো ক্রেতার মতোই জেরক্সের অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা উপভোগ করতে পারবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেরক্স করপোরেশনের দক্ষিণ এশিয়ার পরিচালক নতেশ মানি এবং ইন্টারন্যাশনাল অফিস ইকুইপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট আফতাবুল ইসলাম।
