২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা মঞ্জুরি শিগগিরই কাজে লাগানো হবে

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীন সরকারের দেয়া ১৭ কোটি ৬০ লাখ আরএমবি (দুই কোটি মার্কিন ডলার) মঞ্জুরি কাজে লাগাতে প্রস্তাবনা চেয়ে শিগগিরই কিছু মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি সূত্র জানায়, প্রদত্ত এ সাহায্য সামাজিক উন্নয়ন কর্মকান্ডে লাগানো হবে।

ইআরডি সুত্র জানায়, ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত চীন সরকার বিভিন্ন সময় বাংলাদেশকে এ সাহায্য দেয়। কিন্তু সময়মতো তা কাজে লাগানো হয়নি।

ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহ ১৯ জুন দেশে ফেরার পর প্রজেক্ট কনসেপ্ট পেপার (পিসিপি) চেয়ে নির্দিষ্ট কিছু মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করবেন। যৌথ ইকোনমিক কমিশন বৈঠকে অংশ নিতে বর্তমানে তিনি সৌদি আরবে আছেন ।

নামপ্রকাশে অনিচ্ছুক ইআরডি সুত্র জানায়, পরে এ পিসিপি চীন সরকারের কাছে পাঠানো হবে এবং দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

ইআরডি সুত্র আরও জানায়, চীন সরকার চাইছে, প্রদত্ত সাহায্য সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন খাতে ব্যয় করা হোক।