২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে ক্ষুদ্র প্রকল্প সুবিধা দিতে ইউরোপীয় ইউনিয়নের তহবিল ঘোষণা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মঙ্গলবার ক্ষুদ্র প্রকল্প সুবিধা’র (এসপিএফ) জন্য তহবিল গঠনের কর্মসূচী ঘোষণা করেছে। তহবিলের পরিমান ১৫ লাখ ইউরো। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রথম বছরে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন আহবান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 05:23 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ইউরোপীয় ইউনিয়ন এসপিএফ’র আওতায় এই প্রথম বাংলাদেশে এ ধরনের প্রকল্পের ঘোষনা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এশিয়ায় বিনিয়োগ কর্মসূচীর আওতায় বাংলাদেশ ছাড়া এশিয়ার আটটি দেশে ইইউ এবং এশিয়ার মধ্যে ব্যবসায়িক সমঝোতা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন জানায়, এসপিএফ’র মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন উৎসগুলোকে সমর্থন দান। এছাড়া তহবিলের উদ্দেশ্য হলো বেসরকারী খাতে স্বল্প সহযোগিতার মাধ্যমে প্রতিযোগিতার উন্নয়ন ঘটানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে কোটামুক্ত পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলা করা।

মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে ইইউ’র উদ্যোগে আয়োজিত তথ্য সেমিনারে দেশের একশ’রও বেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইইউ কর্মসূচীটি ঘোষণা করে এবং বাংলাদেশের অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে এসপিএফ’র অনুদান পাওয়ার জন্য আবেদন করার পরামর্শ দেয়।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় কমিশনের দূত ও ইইউ প্রতিনিধি দলের নেতা এসকো কেনশিয়েন্সকী বলেন, ক্ষুদ্র প্রকল্প প্রকৃতপক্ষে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এই স্বল্প বিনিয়োগ কাজে লাগিয়ে অপর দেশের সাথে বাণিজ্যিক উন্নয়ন ঘটানো যেতে পারে।

এসপিএফ’র অনুদান প্রাপ্তির জন্য প্রস্তাব জমা দেয়ার সময় দেয়া হয়েছে ১০ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ১২ মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হবে।

বাংলাদেশে যে সব প্রতিষ্ঠান অলাভজনক ভিত্তিতে কাজ করছে এবং আইনগত ভাবে প্রতিষ্ঠিত সরকারী, বেসরকারী, এনজিও প্রতিষ্ঠান ও ধারণা প্রনয়নকারীরা অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারবে।

স্বতন্ত্রভাবে এ অনুদান ৩০ হাজার ইউরো থেকে এক লাখ ইউরো ধার্য করা হয়েছে।

এসপিএফ কর্মসূচীর জন্য ইসি প্রতিনিধি’র প্রোগ্রাম অফিসার জ্যা ক্ল্যদ ম্যালঙ্গো এবং সেকেন্ড সেক্রেটারি গোমেজ পুরোন সেমিনারে এসপিএফ কর্মসূচী’র বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।