গোপালগঞ্জে বিনা চিনা বাদাম চাষে ব্যাপক সাফল্য
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা চিনা বাদাম চাষ করে কৃষকরা বাম্পার ফলন পেয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ও যাহাপুর ইউনিয়নের ১২ জন কৃষক পরীক্ষামূলকভাবে এ বছর বিনা চিনা বাদামের চাষ করেন। যাহাপুর ও বৌলতলীর চাষীরা ৩ ও ৪ প্রজাতির বিনা চিনা বাদামের আবাদ করে প্রতি হেক্টরে তিন‘শ কেজির বেশি ফলন পেয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জাতের বাদাম চাষে কৃষকদের প্রতি হেক্টরে ব্যয় হয় ৪ হাজার টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকরা স্থানীয় জাতের বাদাম চাষে প্রতি হেক্টরে আয় করেন ২৮ হাজার টাকা। বিনা চিনা বাদাম আবাদে হেক্টর প্রতি লাভ হয়েছে ৩৩ হাজার টাকা। বিনা চিনা বাদাম ও স্থানীয় জাতের বাদাম চাষে কৃষকের একই খরচ হয়েছে। একারণে বিনা চিনা বাদাম আবাদ লাভজনক বলে চাষীরা জানান।
মাঠ থেকে বিনা চিনা বাদাম তোলা উপলক্ষ্যে বৃহস্পতিবার সদর উপজেলার বৌলতলী হাই স্কুল মাঠে ‘মাঠ দিবস’ পালিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চাঁন্দ মিয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নূর হোসেন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফিরোজ হাসান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নিখিল কুমার সাহা।
সন্তোষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কৃষক অচিন্ত মজুমদার প্রমুখ।
কৃষি বিশেষজ্ঞরা বিডিনিউজকে জানান, ২০০০ সালে এ বীজ উদ্ভাবন করা হয়। বিনা বাদাম চাষে সার ও কীটনাশক প্রয়োগ স্থানীয় জাতের মতই। কীট-পতঙ্গের আক্রমন কম এবং ফলনও বেশী। এ জেলার জমি বাদাম চাষের উপযোগী বলে বাম্পার ফলন হয়েছে।
বাদাম চাষীরা বিডিনিউজকে জানান, দু‘দশক ধরে তারা বাদাম চাষ করে আসছে। কিন্তু বাদাম চাষে আধুনিকতার কোন ছোঁয়া ছিল না। কৃষি সম্প্রসারন বিভাগ বীজ, সার, কীটনাশক ও আধুনিক প্রযুক্তি নিয়ে এগিয়ে আসায় বাদাম চাষীদের মধ্যে বিনা বাদাম চাষে আগ্রহের সৃষ্টি হয়েছে। আগামী বছর তারা বিনা বাদাম চাষ করবেন বলে জানান।
