বাংলাদেশ কুনমিং মেলার পর নিটওয়্যার পন্য রপ্তানি বৃদ্ধির আশা করছে
বাংলাদেশী রপ্তানিকারকরা আশা করছেন, আগামী মাসের ৬-১০ তারিখে চীনে অনুষ্ঠিতব্য কুনমিং ইমপোর্ট এণ্ড এক্সপোর্ট ফেয়ারে অংশগ্রহণের পর বিলিয়ন ডলার মূল্যের নিটওয়্যার পণ্য রপ্তানি করা সম্ভব হবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এণ্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, চীন এখন কম মূল্যের পণ্যের চেয়ে উচ্চ মূল্যের পণ্যের দিকে যাচ্ছে। যা নিটওয়্যার পন্যের জন্য একটি নতুন বাজার সৃষ্টি করতে পারে।
বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু ধারণা করছেন, বাংলাদেশের নিটওয়্যার পণ্য আগামী কয়েক বছরে ১৫ হাজার কোটি টাকার বাজার পাবে।
বিকেএমইএ সভাপতি বলেন, আমরা যে সম্ভাবনার কথা বলছি তা কুনমিং ফেয়ারের সফলতার ওপর নির্ভর করছে।
চীনের ইয়ুনান প্রদেশের প্রাদেশিক রাজধানী কুনমিং-এ ১৯৯৩ সাল থেকে কুনমিং ইমপোর্ট এণ্ড এক্সপোর্ট ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে।
ধারণা করা হচ্ছে পাঁচদিনব্যাপী এ মেলা পঞ্চাশটি বহজাতিক করপোরেশনসহ একশরও বেশি বিদেশী এন্টারপ্রাইজের দৃষ্টি আকর্ষণ করবে।
প্রায় ৩০টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংগঠন এবং প্রায় ১২শ’রও বেশি এন্টারপ্রাইজের এক হাজার ব্যবসায়ী ও চীনের ২৭ টি প্রদেশ, মিউনিসিপ্যালিটিস ও স্বায়ত্বশাসিত অঞ্চলের একশরও বেশি বিদেশী অনুদানপ্রাপ্ত সংস্থা এই মেলায় অংশ গ্রহণ করবে।
দক্ষিণপূর্ব চীনের অন্যতম সমৃদ্ধশালী শহর কুনমিং। শহরটিতে পর্যটন শিল্প ও বিদেশী বিনিয়োগের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশী নিটওয়্যার রপ্তানিকারকরা মেলায় অংশগ্রহণ করবেন এবং তারা চীনা ব্যবসায়ী সম্প্রদায় এবং অন্য আমদানিকারকদের কাছ থেকে যথেষ্ট আগ্রহ আশা করছেন।
২০০৪-০৫ অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ নিটওয়্যার পণ্য রপ্তানি করে ২,১৫২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে, যা গত বছরের একই সময়ের চেয়ে মতকরা ৪০ ভাগ বেশি।
