তিন দিনের ব্যবধানে কেরোসিনের দাম আবার বাড়লো
মাত্র তিন দিনের ব্যবধানে কেরোসিনের দাম আবার প্রতি লিটারে এক টাকা বাড়ানো হয়েছে। আজ শনিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার কেরোসিনের দাম ডিজেলের সমান করে ২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বলেছেন, ডিজেলে কেরোসিন মিশিয়ে বিক্রির চেষ্টা প্রতিরোধ করার জন্যই কেরোসিনের দাম বাড়ানো হলো।
গত ২৪ মে জারি করা এক সরকারি আদেশে ডিজেল, কেরোসিন এবং পেট্রোল এর দাম বৃদ্ধি করা হয়। এই বর্ধিত মূল্য পরদিন থেকে কার্যকর হয়। এই সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার ডিজেলের দাম ৩ টাকা বৃদ্ধি করে ২৬ টাকা, কেরোসিনের দাম ২ টাকা বৃদ্ধি করে ২৫ টাকা এবং পেট্রোলের দাম ২ টাকা বৃদ্ধি করে ৩৫ টাকা নির্ধারণ করা হয়। অকটেনের দাম ৩৫ টাকায় অপরিবর্তিত থাকে।
২০০১ সালের অক্টোবর মাসে ক্ষমতায় আসার পর এ নিয়ে পাঁচ বার কেরোসিনের দাম বাড়লো। চার দলীয় জোট ক্ষমতায় আসার সময় প্রতি লিটার কেরোসিনের দাম ছিলো ১৫ টাকা ৫০ পয়সা। ওই বছর ২৭ ডিসেম্বর এ দাম ১৭ টাকায় নির্ধারণ করা হয়। ২০০৩ সালের ৫ জানুয়ারি অন্যান্য জ্বালানি তেলের দাম বাড়লেও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকে। তবে ২০০৪ সালের ১ মে কেরোসিনের দাম ২০ টাকা নির্ধারিত হয়। একই বছর ২২ ডিসেম্বর কেরোসিনের দাম ঠিক করা হয় ২৩ টাকা। গত ২৪ মে তা ২৫ টাকা ঠিক করা হয়েছিলো।
