বাংলাদেশী দূতাবাসের ব্যর্থতার নিন্দা জানিয়েছেন পোশাক রপ্তানিকারকরা
পোশাক ও বস্ত্র খাতের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পরিবর্তিত কৌশল সম্পর্কে উন্নত তথ্য সরবরাহে বাংলাদেশের দূতাবাসগুলোর ব্যথর্তার নিন্দা জানিয়েছেন দেশের পোশাক রপ্তানিকারকরা।
তারা জানান, দেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাতকে টিকিয়ে রাখতে হলে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে আরও সক্রিয় হতে হবে। বস্ত্রশিল্পের ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক প্রয়াস পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও তারা জানান।
বাংলাদেশী দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতায় শঙ্কিত রপ্তানিকারকরা জানান, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কৌশল সম্পর্কে দেশের নীতি নির্ধারকদেরও কোনও ধারণা নেই। এর ফলে দেশের রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হবে।
বিজিএমইএ সভাপতি আনিসুল হক শনিবার এ ব্যাপারে বিডিনিউজকে জানান, আমাদের পোশাক খাতের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ভারত, পাকিস্তান ও চীন তাদের নীতিতে কী ধরনের পরিবর্তন এনেছে সে সম্পর্কে তথ্য সরবরাহ করতে বাংলাদেশের দূতাবাসগুলো ব্যর্থ হয়েছে।
এমএফএ (মাল্টি ফাইবার এগ্রিমেন্ট) পরবর্তী সময়ে তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক বাজার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। রপ্তানিকারকরা তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রক্রিয়াজাতকরণে নিরপত্তা ব্যবস্থা চালু করায় ইতোমধ্যে চীন তাদের কিছু কিছু রপ্তানি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করেছে। ভারত স্থানীয় রপ্তানীকারকদের সহযোগিতায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তৈরী পোশাক শিল্প রপ্তানি থেকে বাংলাদেশ বছরে ৭৫ শতাংশ রপ্তানি আয় করে। এ খাত থেকে ২০০৩-০৪ অর্থবছরে দেশের রপ্তানি আয় ছিল পাঁচ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার। ২০০২-০৩ সালে এ খাতে রপ্তানি আয় ছিল চার দশমিক নয় মিলিয়ন।
আনিসুল হক জানান, ভারত, চীন ও পাকিস্তানের মতো বস্ত্র ও পোশাক খাতকে সমৃদ্ধ করতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনও সহযোগিতা দেওয়া হচ্ছে না।
বিকেএমইএ’র সভাপতি ফজলুল হক জানান, দেশের অর্থনৈতিক কূটনীতি প্রয়াস ব্যর্থ হয়েছে। আমাদের দূতাবাসগুলোর কর্মতৎপরতা আশাব্যঞ্জক নয়।
তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, সে দেশের সরকার এ খাতকে সমৃদ্ধ করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে ৩০ বিলিয়ন ডলারের বিশেষ ফান্ড এবং ব্যাংক ঋণের সুদের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড়সহ ১৫ শতাংশ ভর্তুকি।
আনিসুল হক আরও জানান, আমি ভারতে বাংলাদেশ দূতাবাসের কাছে ভারতের নীতি পরিবর্তন বিষয়ক কিছু তথ্য জানতে চেয়েছিলাম, কিন্তু ছয় মাস অতিবাহিত হওয়ার পরও এ ব্যাপারে কোনও নতুন তথ্য তারা দিতে পারেনি।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন’র সভাপতি এমএ আওয়াল জানান, দূতাবাসগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এটিকে তিনি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, তৈরি পোশাক রপ্তানির যে বাজার আমাদের রয়েছে তার কোনও অংশ হারানোটা আমাদের জন্য দুর্যোগের মতো ব্যাপার হয়ে দাঁড়াবে।
