নিউইয়র্কে রিহ্যাব মেলা শুরু, বিপুল সাড়া আশা করছেন আয়োজকরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটান সেন্টারে শনিবার থেকে তিন দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু হয়েছে।
প্রবাসী বাংলাদেশী ক্রেতাদের আকৃষ্ট করতে রিয়াল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বারের মতো এ মেলার আয়োজন করল।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যুলার জেনারেল মহসিন আলী খান।
মেলার আগে আয়োজকরা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। স্থানীয় বিভিন্ন সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি এবং বাংলাদেশ থেকে আগত কয়েকজন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
মেলার সমন্বয়ক ও বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তানভীরুল হক সাংবাদিকদের বলেন, লন্ডনে ক্রেতাদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পেয়েছিলেন। এজন্য নিউইয়র্কের ক্রেতাদের ব্যাপারেও তারা আশাবাদী।
তিনি বলেন, আমরা লন্ডনে অনুষ্ঠিত মেলা থেকে ৫০ কোটি টাকার অর্ডার আশা করেছিলাম। সেখানে আমরা ৪০ কোটি টাকার নগদ অর্ডার এবং আরও ৮০ কোটি টাকার অর্ডারের আশ্বাস পেয়েছি।
এ মেলায় তারা এক শ’ কোটি টাকা অর্ডারের টার্গেট নিয়েছেন।
নিউইয়র্কে আয়োজিত রিহ্যাব মেলায় ক্রেতাদের কাছ থেকে আরও বেশি সাড়া মিলবে বলে আশা করছেন তানভীরুল হক।
তিনি সাংবাদিকদের জানান, মেলার উদ্বোধনী দিন শনিবার নিউইয়র্কে সাপ্তাহিক ছুটি থাকায় প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া যাবে।
