২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দেবে ইতালি

ইতালি বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশ, জিএসপি ও রুলস অব অরিজিন সুবিধা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

রোমে সফররত বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী (অব.) শুক্রবার ইতালির পররাষ্ট্র মন্ত্রী মার্গারিটার সঙ্গে এক বৈঠককালে ইতালি সরকারের এ আগ্রহের কথা জানানো হয় বলে সরকারের এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ও ইতালির মধ্যকার বর্তমান বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করতে ও সম্প্রসারণে ইতালি খুবই আগ্রহী। বাংলাদেশী পণ্যের পঞ্চম বৃহত্তম আমদানীকারক দেশ ইতালি একে অপর দেশে বাণিজ্যিক প্রতিনিধিদল বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করে।

ইতালীর পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ইতালির একক দেশীয় বাণিজ্য মেলা করার আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে ইতালি সরকার বাংলাদেশের বস্ত্র ও চামড়াখাতে আধুনিক প্রশিক্ষণ প্রদানের বিষয়েও আগ্রহ প্রকাশ করে। এছাড়া বাংলাদেশ চাইলে ইতালি সরকার বাণিজ্য ও প্রশাসনিক বিষয়ে বাংলাদেশের জনবলকে প্রশিক্ষণ দেবার ব্যবস্থা নেবে। বৈঠককালে ইতালীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।