বিশ্ববাজারে ভারতের সাথে টিকে থাকার জন্য বিকেএমইএ’র ১৫ শতাংশ ইনসেনটিভ দাবি
টেক্সটাইল খাতে ভারত সরকারের ঘোষিত বিভিন্ন প্যাকেজের সাথে পাল্লা দিয়ে বিশ্ব বাজারে টিকে থাকার জন্য বাংলাদেশ নিটওয়্যার রপ্তানীকারকরা শুক্রবার সরকারের কাছে শতকরা ১৫ শতাংশ ইনসেনটিভ এবং বিশেষ তহবিল গঠনের জন্য পাঁচ হাজার কোটি টাকার দাবি জানিয়েছে।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতির (বিকেএমইএ) নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অর্থমন্ত্রীর কাছে আগামী বাজেটে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে।
বিকেএমইএ’র নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সমিতির প্রেসিডেন্ট ফজলুল হক বলেন, আমরা মনে করি চীনের চেয়ে ভারতই আমাদের নিকটতম প্রতিযোগী। আমাদের নিকটতম প্রতিযোগী হওয়া সত্ত্বেও ভারত সরকার এর টেক্সটাইল খাতকে বাড়ানোর জন্য বেশ এগিয়ে যাচ্ছে। সরকারের সাহায্য-সহযোগিতা ছাড়া ভারতের সাথে টিকে থাকা দূরহ ব্যাপার।
তিনি আশংকা প্রকাশ করে বলেন, ভারত সরকার টেক্সটাইল খাতের উন্নয়নে আরও অধিক সুযোগ সুবিধা দেয়ার কথা ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ টেক্সটাইল শিল্পের যে সুনাম রয়েছে, একবার এর স্বকীয়তা নষ্ট হলে তা আর পুনরোদ্ধার করা কঠিন হবে।
তিনি বলেন, ভারত সরকার ইতোমধ্যে একটি বিশেষ তহবিল গঠন করেছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ৩০ বিলিয়ন মার্কিন ডলারের কারিগরি উন্নয়ন তহবিল (টিইউএফ), নগদ সহযোগিতার অংশ হিসেবে যন্ত্রপাতি ক্রয় বাবদ শতকরা ১০ ভাগ প্রদানসহ বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
সাংবাদিক সম্মেলনে বিকেএমইএ নেতৃবৃন্দ বলেন, গুণগত মানের দিক দিয়ে একই উৎপাদন প্রক্রিয়ায় ভারত আমাদের সবচেয়ে কাছের প্রতিযোগী হিসেবে দাঁড়িয়েছে।
চীন বিভিন্ন নিটওয়্যার পোশাক সামগ্রী যেমন ক্যাট ৪, ক্যাট ৫ এবং সোয়েটার জাতীয় পোশাক উৎপাদনের ওপর জোর দিয়ে ইতোপূর্বে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নিরাশ করে ফেলেছে। যার ফলে এসব পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের বেশ সম্ভাবনা রয়েছে।
বিকেএমইএ’র প্রেসিডেন্ট বলেন, চীন আমাদের আসল প্রতিযোগী নয়।
হাবিবুর রহমান, আব্দুর রাশেদ, আব্দুল বাসেত, শামীম হাসান, মনোয়ার হোসেন ও বিকেএমইএ’র অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। রপ্তানী বাণিজ্যে বৈদেশিক অর্থ উপার্জনের ক্ষেত্রে নিটওয়্যার শিল্প দেশের অর্থনৈতিক অবকাঠামোতে ভারসাম্য রক্ষা করে চলেছে। এ শিল্পে ব্যাকওয়ার্ড লিংকেজের মাধ্যমে পূনঃবিনিয়োগ হয়েছে।
২০০৩-২০০৪ অর্থ বছরে নিটওয়্যার খাতে আয় হয়েছে দুই হাজার ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়ে অর্থ বছরের প্রথম নয় মাসেই এ খাত থেকে আয় হয়েছে দুই হাজার ৫১ মিলিয়ন মার্কিন ডলার।
