২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক জুনের মধ্যে ১১ ব্যাংককে খেলাপি ঋণের পরিমাণ কমানোর নির্দেশ দিয়েছে

খেলাপি ঋণ সংস্কৃতি দূর করতে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ১১টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চলতি বছরের জুনের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ কতটা কমাতে পারবে সে ব্যাপারে একটি নিজস্ব পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সূত্র জানায়, ১১ টি ব্যাংকের প্রত্যেকটিরই ১০ শতাংশেরও বেশি খেলাপি ঋণ রয়েছে। আবার এগুলোর মধ্যে কয়েকটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ আবার ২০ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংক ওই সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের লোন-লস প্রভিশনিং’র মাধ্যমে খেলাপি ঋণ মওকুফ করার প্রস্তাব করে। অন্যথায় খেলাপি ঋণের পরিমাণ কমাতে শীঘ্রই আদালতের শরনাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে।

এছাড়াও বাংলাদেশ ব্যাংক ১১ টি ব্যাংকের প্রথম ২০ ঋণ খেলাপিকে তাদের ঋণ সম্পর্কে যত শীঘ্র সম্ভব অবহিত করার পরামর্শ দিয়েছে।

সূত্র জানায়, একটি পর্যালোচনা সভায় বাংলাদেশ ব্যাংক ওই সমস্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চলতি বছরের জুনের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ কতটা কমাতে পারবে এ ব্যাপারে একটি খসড়া পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়।

এ প্রচেষ্টাকে সফল করতে বাংলাদেশ ব্যাংক ওই ১১ টি ব্যাংকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে।

শতকরা ১০ ভাগ ঋণ খেলাপিতে আক্রান্ত ব্যাংকগুলো হলো- পূবালী ব্যাংক লিঃ, উত্তরা ব্যাংক লিঃ, এবি ব্যাংক লিঃ, আইএফআইসি ব্যাংক লিঃ, ন্যাশনাল ব্যাংক লিঃ, সিটি ব্যাংক লিঃ, ওরিয়েন্টাল ব্যাংক লিঃ, আল আরাফা ব্যাংক লিঃ, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিঃ, ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক লিঃ ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।