শুক্রবার সাঙ্গুর উৎপাদন আংশিক বন্ধ থাকবে
আগামীকাল শুক্রবার ছয় ঘন্টার জন্য কেয়ার্ণ এর সাঙ্গু গ্যাস ক্ষেত্রের উৎপাদন আংশিক বন্ধ থাকবে। সাঙ্গুর ৭ নং কূপ উৎপাদনে নিয়ে আসার জন্য হুকআপ করতে উৎপাদন আংশিক বন্ধ থাকবে বলে জানা যায়।
এই ছয় ঘন্টা সময় সাঙ্গুর উৎপাদন ১৬০ এমএমসিএফডির জায়গায় ৬০ এমএমসিএফডিতে নেমে আসবে। কিন্তু ছয় ঘন্টার মধ্যে পুরো হুকআপের কাজ শেষ করা না গেলে সাঙ্গুর উৎপাদন শুন্যে নেমে আসতে পারে বলে পেট্রোবাংলার বিশেষজ্ঞরা জানিয়েছেন।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সাঙ্গুর উৎপাদন আংশিক বন্ধ থাকার কারণে শুক্রবার চট্টগ্রামের চাহিদা মেটানোর জন্যে জাতীয় গ্রীড থেকে ৯০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হবে।
এতে রাজধানীসহ আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ স্বল্পতা দেখা দিতে পারে।
নতুন কূপ যুক্ত হওয়ার পর কেয়ার্ণ সাঙ্গুর মোট উৎপাদন ১৬০ থেকে ১৭০ এমএমসিএফডিতে সীমিত রাখবে।
