২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলুর স্টার্চ রপ্তানির সম্ভাবনা দেখছেন স্থানীয় উদ্যোক্তারা

আর্ন্তজাতিক বাজারে আলুর স্টার্চের ব্যাপক ও বহুমুখী চাহিদা থাকায় স্থানীয় উদ্যোক্তারা একশ’ ভাগ রপ্তানিমুখী আলু স্টার্চ উৎপাদন কারখানা স্থাপন করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

স্থানীয় উদ্যোক্তারা বৃহস্পতিবার এ ব্যাপারে জানান, বস্ত্র, ঔষুধ ও কাগজ শিল্পে কাঁচামাল হিসেবে আলুর স্টার্চ ব্যবহৃত হওয়ায় দেশের বাণিজ্য ক্ষেত্রেও আলুর স্টার্চের ব্যাপক চাহিদা রয়েছে।

এছাড়া, খাদ্যের বাজারে আলুর যথেষ্ট চাহিদা রয়েছে। এটি নতুন প্রজন্মের খাদ্যাভাসে পরিবর্তন এনে ভাতের ওপর ক্রমবর্ধমান চাপ কমিয়ে আনছে।

ফ্লেমিংগো এগ্রো-টেক লিমিটেডের মালিক মাহমুদুর রহমান বিদেশের বাজার সম্পর্কে জেনে নিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে আলুর বহুমুখী ব্যবহারের উপায় খুঁজে বের করেছেন।

বিদেশে গিয়ে তিনি এ ব্যাপারে উৎসাহিত হন এবং দেশে ফিরে আলু উৎপাদনের পদক্ষেপ নেন। জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুরে ৩০ বিঘা জমিতে ঘণ্টায় এক দশমিক সাত টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি আলুর স্টার্চ উৎপাদন করাখানা গড়ে তুলেন।

বিডিনিউজের সাথে আলাপকালে তিনি জানান, কেবল পানি আর আলু ছাড়া আলুর স্টার্চ উৎপাদনে আর কিছু লাগে না।

আলু চাষের জন্য দেশে জলবায়ু অত্যন্ত উপযুক্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশ কাঁচামাল হিসেবে স্থানীয় শিল্প কারখানাগুলো চাহিদার কারণে প্রতিবছর ছয় হাজার মেট্রিক টন আলুর স্টার্চ আমদানি করে থাকে।

প্রতিবছর আলুর উৎপাদন বাড়তে থাকায় বিদেশি ক্রেতারাও এ ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশের ক্রেতারা ইতোমধ্যে স্থানীয় উদ্যোক্তাদের সাথে আলুর স্টার্চ কেনার ব্যাপারে চুক্তি করেছে।

খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের একটি সূত্র জানায়, গত ২০০২-২০০৩ অর্থবছরে দেশে আলুর মোট উৎপাদন ছিল ৩৩ দশমিক ছয় লাখ মে.টন। ২০০৩-২০০৩ অর্থবছরে আলুর মোট উৎপাদন ছিল ৫৩ দশমিক ১০ লাখ মে.টন, যা আগের বছরের উৎপাদনের প্রায় দ্বিগুণ।

বিদেশের বাজারে এক টন আলুর স্টার্চের দাম ৭৫০ থেকে ৯৫০ ডলারের মধ্যে।