বাংলাদেশে উৎপন্ন আফ্রিকান মাগুর আমদানি নিষিদ্ধ করেছে ভারতের ত্রিপুরা সরকার
বাংলাদেশে উৎপাদিত আফ্রিকান মাগুর মাছ আমদানিতে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে।
জানা যায়, কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তে দেশের বিভিন্ন স্থানের আফ্রিকান মাগুর উৎপাদক ও রপ্তানীকারক ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
সম্প্রতি আখাউড়া স্থল বন্দর দিয়ে রপ্তানীকারকরা আফ্রিকান মাগুরের চালান পাঠাতে গেলে আগরতলা কাস্টমস কর্তৃপক্ষ ছাড়পত্র না দিয়ে নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফরিদউদ্দিন আহমদ জানান, এ ব্যাপারে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের ইকোনমিক মিনিস্টার আর আর দাসের সাথে কথা হয়েছে। তিনি ভারত সরকারের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
