আসন্ন জাতীয় বাজেটে প্রান্তিক জনগণের দিকে লক্ষ্য রাখতে হবে, গোলটেবিল বৈঠকে বক্তাদের মত
ঢাকায় এক গোলটেবিল বৈঠকে বুধবার বক্তারা বলেছেন, আসন্ন বাজেট অধিবেশনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে দেশের প্রান্তিক জনগণের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
সঠিক পরিকল্পনা এবং বাজেট বরাদ্দের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হতে হবে বলে তারা মত ব্যক্ত করেন।
‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের আলোকে: প্রান্তিক জনগনের জন্য বাজেট’ শীর্ষক এই গোল টেবিল বৈঠকে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক এবং প্রান্তিক জনগণের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।
গোল টেবিল বৈঠকটি সমন্বয়, মানুষের জন্য ও দৈনিক প্রথম আলো যুগ্মভাবে আয়োজন করে। অর্থ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নগরীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন প্রখ্যাত অর্থনীতিবিদ আতিউর রহমান এবং সঞ্চালকের ভূমিকা পালন করেন সমন্বয়ের নির্বাহী পরিচালক নাঈম হাসান।
প্রতিমন্ত্রী বলেন, সবসময় প্রান্তিক জনগণের কথা খেয়াল রেখেই বাজেট প্রনয়ণ করা হয়। তিনি বলেন, সরকার রাজস্ব ও জনগণের ব্যয়ের ক্ষেত্রে সংস্কার আনতে যাচ্ছে।
ড. আতিউর রহমান প্রবীণ, নারী, ছিন্নমূল মানুষ, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠিকে প্রান্তিক জনগোষ্ঠী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তাদেরকে উন্নয়নের স্রোত ধারায় অন্তর্ভুক্ত না করলে দেশ এমডিজি’র লক্ষ্য পূরণ করতে পারবে না।
তিনি বলেন, বাজেটে তাদের জন্য জন্য নির্দিষ্ট এবং পরিমাণমত বরাদ্দ রাখা উচিত। এডিপি বাস্তবায়নের বর্তমান ধারায় তাদের ভাগ্যের উন্নয়ন ঘটানো সম্ভব হয়নি, দেওয়া হয়নি বিশেষ নজর।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক কর্ণেল ফারুক খান এমপি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, এটা প্রান্তিক জনগণের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।
জাতীয় পার্টির এমপি জিএম কাদের দারিদ্র বিমোচন কৌশল পত্রের (পিআরএসপি) খসড়া প্রকাশ করার দাবি জানান।
তিনি বলেন, আমাদের দেশে বাজেট প্রনয়ণে সংসদ সদস্যদের কোনই ভূমিকা নেই। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একতরফা কাজ। কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়নে বাজেট পরিকল্পনায় সদস্যদের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন।
এছাড়া, বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সচিব একেএম মশিউর রহমান, নারী প্রগতি সংস্থার রোকেয়া কবির এবং বিশেষজ্ঞরা বৈঠকে অংশ নেন।
বৈঠকে গাইবান্ধার রিকশাওয়ালা সাইদুর রহমান বাজেটের ব্যাপারে তার সরল বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, সরকারের প্রত্যেকটি সিদ্ধান্তের পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়।
এর আগে দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক আব্দুল কাউয়ুম ও মানুষের জন্য’র নির্বাহী পরিচালক শাহীন আনাম স্বাগত বক্তব্য রাখেন।
