২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়বে, কৃষকরা হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত

ক্ষমতায় সাড়ে তিন বছরের সময়কালে সরকার মঙ্গলবার পঞ্চমবারের মতো জ্বালানি মূল্য বৃদ্ধি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকদফা জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির মাত্রা বেড়ে যাবে এবং দেশের কৃষকদের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

তারা আরও বলেন, ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত খেয়ালি ও অপ্রত্যাশিত। বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকদের ওপর ডিজেল ও কোরোসিনের মূল্য বৃদ্ধির প্রভাব চরম হবে। এতে তারা কৃষির ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলতে পারে।

অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধিতে সেচকাজ ব্যাহত হবে। অন্যদিকে গ্রাম ও শহরের মানুষরা ডিজেল দিয়ে রান্না করে বিধায় তারাও ক্ষতিগ্রস্ত হবে।

ড. আতিউর রহমান বলেন, জ্বালানি মূল্য বৃদ্ধির পর কৃষকদের উৎপাদন বেড়ে যাওয়ার পাশাপাশি পরিবহণ ভাড়া ও খাবারের দামও বৃদ্ধি পাবে। এভাবেই জ্বালানি মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতি সৃষ্টি করবে।

তারা বলেন, সম্পূর্ণভাবে কেরোসিনের ওপর নির্ভরশীল লাখ লাখ গ্রামবাসী কেরোসিনের মূল্য বৃদ্ধিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ড. খলিকুজ্জামান বলেন, এর আগে জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে কৃষি ব্যয় ইতোমধ্যেই ১০ থেকে ১২ শতাংশ বেড়ে গেছে। ক্রয় ক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় এটা দারিদ্র্য হ্রাসের পরিবর্তে বরং দারিদ্র্যকে ত্বরান্বিত করবে।

ড. আতিউর আশংকা করছেন জ্বালানি মূল্যবৃদ্ধির সাথে বর্তমান মূল্যস্ফীতি লাফ দিয়ে দুই অংকের ঘরে পৌঁছে যাবে।

আনু মোহাম্মদ বলেন, সরকার এর প্রভাবের কথা চিন্তা না করেই এ ধরণের খেয়ালি ও অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে পারলে জনগণের ওপর মূল্যবৃদ্ধির কোনও প্রভাব পড়বে না।

সর্বশেষ মূল্যবৃদ্ধির ফলে ডিজেলের দাম ২৩ টাকা থেকে ২৬ টাকা এবং কেরোসিনের দাম ২৩ টাকা থেকে ২৫ টাকায় দাঁড়িযেছে। এতে ডিজেলের দাম ১৩ শতাংশ এবং কেরোসিনের দাম ৮ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।