আগামী অর্থবছর গরিবদের জন্য খারাপ যাবে, গরীবমুখী বাজেটের প্রস্তাব করেছেন অর্থনীতিবিদ আতিউর
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেছেন, মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার, রাজস্ব ঘাটতি এবং আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অধিক বরাদ্দের সম্ভাবনা থাকায় বেসরকারি বিনিয়োগের ওপর প্রভাব পড়বে। সীমিত ও নিু আয়ের মানুষরাও গভীর সমস্যার মুখোমুখি হবে।
ড. আতিউর রহমান মঙ্গলবার বিডিনিউজের সাথে আলাপকালে বলেন, মুদ্রাস্ফীতি, জ্বালানি মূল্য, বাড়তি সুদের হার এবং অধিক রাজস্ব ঘাটতি আগামী বাজেটে প্রধান বাধা হয়ে দাঁড়াবে।
বর্তমানে ছয় শতাংশেরও বেশি মুদ্রাস্ফীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বোরো মৌসুমের পরও চালের মূল্য অপরিবর্তিত থাকা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের কারণে আগামী বাজেটে মুদ্রস্ফীতি আরও দ্বিগুণ হবে।
এছাড়া ব্যাংক সুদের উচ্চহারের কারণে ব্যবসা করা আরও কঠিন হবে এবং বেসরকারি খাতে বিনিয়োগের ওপর এর প্রভাব পড়বে বলেও তিনি জানান।
ড. আতিউর রহমান বলেন, ডলারের উচ্চমূল্যের কারণে আমদানি ব্যয় আরও বৃদ্ধি পাবে। সরকারের ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় রাজস্ব বাজেট বৃদ্ধি অব্যাহত থাকবে এবং অতিরিক্ত ব্যয় নির্বাহ করতে সরকারকে ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ গ্রহনের প্রয়োজন হবে। কেননা, বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে আসায় অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য দাতাদের কাছে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা খুব কম।
চলতি বাজেটে সরকার দাতাদের কাছ থেকে ঋণ ও বরাদ্দ হিসেবে পেয়েছে ১১ হাজার ৩ শ’ ৩০ কোটি টাকা।
বিগত দশ মাসে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ৭২ শতাংশ রাজস্ব আদায় করেছে। রাজস্ব আদায়ের ধীরগতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাজেটের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারকে পরোক্ষ কর আরোপ করতে হবে। আর এ বাড়তি করের চাপ সীমিত ও নিু আয়ের মানুষদের ওপর বেশি পড়বে।
তিনি পরোক্ষ করের বদলে প্রত্যক্ষ কর আরোপ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া, আগামী নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য ও মন্ত্রীরা বিভিন্ন প্রস্তাব পেশ করেছেন। যে কারণে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দের পরিমাণও যথেষ্ট বাড়াতে হবে।
এদিকে, বর্তমান অর্থবছরে এডিবি বাস্তবায়নের পরিমাণ ছিল খুব কম। মাত্র ৪৫ দশমিক ৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, এতে করে সম্পদের অপচয়ের পরিমাণ বেড়ে যাবে, কেননা জনগন অর্থবছরের শেষ সময়ে শুধু ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজই চোখে দেখবে।
ড. আতিউর রহমান আগামী বাজেট পেশ করার আগে বর্তমান বাজেট পর্যালোচনার ব্যাপারেও সুপারিশ করেছেন।
তিনি কঠিন পরিস্থিতির মোকাবেলায় একটি গরীবমুখী বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন। আগামী বাজেটে চাকরির সুযোগ সৃষ্টি, কৃষক ও শ্রমিকের কল্যাণের ওপর জোর দেওয়ারও দাবি জানান তিনি।
ড. আতিউর রহমান বলেন, কোনও লোক দেখানো কর্মসূচি নয়, নিরাপত্তা জাল কর্মসূচিই দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে।
আতিউর রহমান নিরাপত্তা জাল কর্মসূচির প্রতি সরকারি কর্মচারিদের মনোযোগ দেওয়ার আহবান জানান এবং এ কর্মসূচীর আওতায় গার্মেন্টস শ্রমিকদের এনে একটি গার্মেন্টস পল্লী প্রতিষ্ঠার সুপারিশ করেন।
তিনি মঙ্গা কবলিত এলাকার জন্য একশ’ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করার সুপারিশ করেন। এছাড়া কৃষকরা যাতে কম সুদে ও ঝামেলামুক্ত উপায়ে ঋণ ও ভর্তুকি সুবিধা পায় সেজন্য তিনি এনজিওদের সাথে সমন্বয়ের মাধ্যমে ঋণ বিতরণের আহ্বান জানান।
কর্মসংস্থান বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজতর উপায়ে ঋণ প্রদান করতে ইক্যুটি অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ ফান্ডের (ইইএফ) মাধ্যমে ঋণ প্রদানের সুপারিশ করেন তিনি।
