২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের ওপর শুল্ক সংক্রান্ত কড়াকড়ি লাঘবে এফআইসিসিআই’র দাবি

দেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি (এফআইসিসিআই) আগামী বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের ওপর শুল্ক সংক্রান্ত কড়াকড়ি ও এর নীতিগত বিরোধ দূরীকরণের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এফআইসিসিআই এর বাজেট প্রস্তাবনায় সরকারের প্রতি যে সব দাবি জানিয়েছে সেগুলো হলো রয়ালটি ও কারিগরি সহায়তা ফি’র ওপর ২ দশমিক ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার, কর্পোরেট আয়কর হ্রাস, বিনিয়োগ পারিতোষিক ব্যবস্থার পুনর্বহাল এবং সম্প্রসারিত শিল্প স্থাপনার জন্য ট্যাক্স হলিডে’র ব্যবস্থা।

এফআইসিসিআই’র সূত্র অনুসারে সরকার নিয়মিতভাবে কারিগরি সহায়তা ফি ও রয়ালটির ওপর ২ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক আরোপ করে আসছে। এ ধরনের শুল্ক বৃদ্ধির প্রবণতা বোর্ড অব ইনভেস্টমেন্টের (বিওআই) নীতিমালা পরিপন্থী।

এফআইসিসিআই তার বাজেট প্রস্তাবনায় উল্লেখ করেছে, শুল্ক সংক্রান্ত কড়াকড়ি আরোপ ও নীতি সংক্রান্ত বিরোধের কারণে বাংলাদেশে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে এবং বিনিয়োগের স্থান হিসেবে বাংলাদেশের আর্কষণ কমে যাচ্ছে।

বিওআই’র নীতিমালার কথা উল্লেখ করে চেম্বার জানায়, এই ধরনের শুল্কের হার গত বছরের মোট বিক্রির টার্নওভারের ছয় শতাংশ অতিক্রম করার কথা নয়।

এফআইসিসিআই সচিব জাহাঙ্গীর বিন আলম বলেন, বিদেশি বিনিয়োগকারিরা সরকারের কোষাগারে প্রতি বছর ৪২ বিলিয়ন টাকা রাজস্ব প্রদান করে। আর বৈদেশিক বিনিয়োগ খাত থেকে সরকার ২০০ বিলিয়ন টাকার ওপর রাজস্ব আয় করে।

এফআইসিসিআই পাবলিক লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট আয়করের ওপর থেকে পাঁচ শতাংশ কর হ্রাসের দাবি জানিয়েছে। আর ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্পোরেট আয়করের ওপর সাড়ে সাত শতাংশ কর হ্রাসের আবেদন জানিয়েছে।

বর্তমানে পাবলিক লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট আয়কর ৩০ শতাংশ আর অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ৩৭ দশমিক ৫ শতাংশ।

এছাড়া তারা গত বছরের বাজেট থেকে বিনিয়োগ পারিতোষিক প্রত্যাহার করার সমালোচনা করে এবং তা পুনরায় চালু করার দাবি জানায়। বিনিয়োগ পারিতোষিক প্রত্যাহার স্থানীয় ম্যানুফেকচারিং শিল্পগুলোর প্রতিকূলে যায়। পাশাপাশি তারা বিনিয়োগকারীদের জন্য পুনরায় ট্যাক্স হলিডে সুবিধা প্রদানের দাবি জানান।

এফআইসিসিআই’র সচিব আরও বলেন, বিদেশি বিনোয়াগকারীরা দেশে প্রায় এক লাখেরও অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। শুধু তাই নয়, তারা দেশের দুই হাজারের মতো ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে সহযোগিতা প্রদান করেছে।

এফআইসিসিআই’র ১৩৮ সদস্যের মধ্যে বহুজাতীয় কোম্পানি যেমন গ্রামীণ টেলিকম, মালয়েশিয়ান একটেল এবং সেবা ও প্যাসিফিক টেলিকম স্থানীয় বাজারের টেলি যোগাযোগ খাতে প্রাধান্য বিস্তার করছে।