২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএফএ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগ

মাল্টি ফাইবার এ্যারেঞ্জমেন্ট-এমএফএ উঠে যাবার পর কোটামুক্ত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও চীন একযোগে কাজ করতে সম্মত হয়েছে। টেক্সটাইল ও তৈরি পোষাক খাতে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে দুটি দেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

উভয় দেশের পোষাক শিল্পের রপ্তানি সম্প্রসারণের উদ্দেশ্যে শনিবার এ উদ্যোগ গৃহীত হয়।

টেক্সটাইল ও পোষাক খাতে পারস্পারিক বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে শিগগির একটি চীন- বাংলাদেশ টেক্সটাইল কমিউনিকেশন কমিটি প্রতিষ্ঠা করা হবে।

বাংলাদেশের সস্তা ও দক্ষ শ্রম ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে চীনা টেক্সটাইল পণ্যের সম্ভাব্য উৎপাদন ঘাঁটি হিসেবে ব্যবহারের কথাও ভাবা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে টেক্সটাইল খাতে উন্নয়ন গবেষণা ও অগ্রগতিতে সহায়তা করতে চীন তাদের অত্যাধুনিক টেক্সটাইল প্রযুক্তি দিয়ে সহায়তা করতে সম্মত হয়েছে।

এ উদ্দেশ্যে চীনের চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট এণ্ড এক্সপোর্ট টেক্সটাইলস (সিসিসিটি)’র সফররত টিম শনিবার রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচার এণ্ড এক্সপোটার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) সাথে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

উভয় দেশের ৩০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রথমবারের মতো পোষাক খাতের সমৃদ্ধির লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

সিসিসিটি ভাইস চেয়ারম্যান কাও জিনইউ বিজিএমইএ সভাপতি আনিসুল হকের সাথে বিজিএমইএ কার্যালয়ে প্রথম চুক্তিটি স্বাক্ষর করেন এবং বিটিএমএ চেয়ারম্যান এমএ আওয়াল বিটিএমএ কার্যালয়ে চীনের উপ বাণিজ্য মন্ত্রী ইউ গোয়াংঝাউ’র উপস্থিতিতে সিসিসিটি ভাইস চেয়ারম্যানের সাথে দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্মারকটি স্বাক্ষর করেন।

উভয় সভায় স্থানীয় উদ্যোক্তারা সফররত চীনা বাণিজ্য প্রতিনিধিদের জানান, স্থানীয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প ও প্রযুক্তিগত অগ্রগতিতে সহায়তার মাধ্যমে চীন ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যাণ্ডে বাংলাদেশের শুল্কমুক্ত বাজার ব্যবহার করতে পারে।

উভয় সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত চীনের উপ বাণিজ্য মন্ত্রী ইউ গোয়াংঝাউ বলেন, সহযোগিতা জোরদারের মাধ্যমে উভয় দেশের একত্রে রপ্তানী সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজিএমইএ চীনের বাজারে স্থানীয় পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য এবং বিটিএমএ শক্তিশালি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গঠনের ওপর গুরুত্বারোপ করে।

সভাশেষে বিজিএমইএ সভাপতি আনিসুল হক বিডিনিউজকে জানান, চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ও দেশে কিছু চীনা টেক্সটাইল নিয়ে আসাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য।

বিটিএমএ চেয়ারম্যান আওয়াল বলেন, স্থানীয় উৎপাদনশীলতা ব্যবস্থাপনা, যোগ্যতা ব্যবস্থাপনা, মার্চেণ্ডাইসিং, মার্কেটিং ও ইনভেন্টরি ব্যবস্থাপনায় সহযোগিতার মাধ্যমে মুল্যহ্রাস এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে বাংলাদেশ ও চীনের উদ্যোক্তারা একসাথে কাজ করতে পারে।

বাংলাদেশ টেক্সটাইল খাতের জন্য চীন থেকে প্রচুর ডায়িং কেমিকেলের কাঁচামাল এবং স্থানীয় ওভেন গার্মেন্টস’র জন্য ফেব্রিক আমদানি করে থাকে।

দেশের বার্ষিক রপ্তানি আয়ের শতকরা ৭৬ ভাগ আসে পোষাক শিল্পের রপ্তানি আয় থেকে। ২০০৩-০৪ সালে আরএমজি খাত থেকে রপ্তানি আয় হয় ৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০০২-০৩ সালে যার পরিমাণ ছিল ৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

চীনের জাতীয় টেক্সটাইল এণ্ড এ্যাপারেল পরিষদ জানায়, গত বছর চীনের মোট রপ্তানি ছিল ৯৭ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

২০০৫ সালে কোটামুক্ত সময়ে প্রথম তিনমাসে বাংলাদেশ ওভেন গার্মেন্টস রপ্তানি ৫০ মিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছে।