২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক কাঁচামাল আমদানীতে শুল্কহার কমানোর দাবী

বাংলাদেশ বৈদ্যুতিক সরঞ্জামাদি প্রস্তুতকারক এসোসিয়েশন সরকারকে কাঁচামাল ও ক্যাপিটাল মেশিনারিজ আমদানীর ক্ষেত্রে শুল্ক কমানোর দাবী জানিয়েছে। দেশের ও বিদেশের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য এ দাবী মেনে নেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন এ্যাসোসিয়েশন নেতৃবর্গ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আবসার করিম চৌধুরী বিডিনিউজকে বলেন, আমাদের তৈরি ক্যাবল, সুইচগিয়ার, লাইট ফিটিংস এবং ট্রান্সফর্মার বেশ গুনমানম্পন্ন। কিন্তু এসব বিদ্যুৎ সামগ্রী তৈরী করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানীতে অধিকহারে শুল্ক দিতে হয়। যা উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। যার ফলে বিশ্ব বাজারে প্রবেশের জন্য আমাদের বেশ বেগ পেতে হচ্ছে।

এসোসিয়েশন ২০০৫-০৬ সালের বাজেটে কাঁচামাল ও ক্যাপিটাল মেশিনারিজ আমদানীর ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে রপ্তানীখাতে শুল্ক ১৫ শতাংশ থেকে ২ দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানায়।

চোরাচালানির কারনে এবং ভারতীয় কুটির শিল্পে ব্যাপক সুযোগ সুবিধা প্রদানের কারণে সৃষ্ট তীব্র প্রতিযোগিতার কথা উল্লেখ করে এসোসিয়েশন কর্মকর্তারা কুটির শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন যন্ত্র সংযোজন খরচ পাঁচ লাখ থেকে বিশ লাখ টাকা এবং বাৎসরিক লেনদেন বিশ লাখ থেকে পঞ্চাশ লাখে উন্নীত করার দাবী জানান।

তিনি আরও বলেন, আমাদের বর্তমান ভাবনা হচ্ছে স্থানীয় বাজার দখল। বৈদ্যুতিক সরঞ্জামাদিতে ব্যবহৃত কাঁচামাল আমদানী করার চেয়ে সরাসরি আমদানীতে খরচ কম পড়ায় এ খাতটি মার খাচ্ছে।

বর্তমান কাঁচামাল আমদানীতে উৎপাদনকারীদের শতকরা ১৫ থেকে ৩০ শতাংশ শুল্ক প্রদান করতে হয়। সাথে রয়েছে ভ্যাট ও এআইটি’র মতো অন্যান্য কর। এর ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। অপরদিকে আমদানীকৃত অন্যান্য দেশের দ্রব্য সামগ্রীর শুল্ক হার অপেক্ষাকৃত কম হওয়ায় এদেশের বাজারে কম দামেই বিক্রি হচ্ছে।

এসোসিয়েশনের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, আমাদের দেশে আন্ডার ইনভয়েসের মাধ্যমে অনেক সামগ্রী ট্যাক্স ফাকি দিয়ে এদেশের বাজার দখল করছে। যা আসলে এদেশীয় দ্রব্য সামগ্রীর ওপর আঘাত হানছে।

স্থানীয় বাজারে, মালয়েশিয়া, চীন, যুক্তরাজ্য এবং অষ্ট্রেলিয়ার সামগ্রীতে ছয়লাব হয়ে গেছে। আমদানীতে শুল্ক হারের পরিমান অপেক্ষাকৃত কম হওয়ায় দামের ক্ষেত্রেও কম পাওয়া যাচ্ছে এসব সামগ্রী।

এসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, আমরা আমদানী শুল্কে কাঁচামাল ও তৈরিকরা সামগ্রীর মধ্যে সামঞ্জস্য রক্ষা করার চেষ্টা করতে চাচ্ছি।

বাংলাদেশ ব্যাংকের এক রিপোর্ট মতে, ২০০৩-০৪ অর্থ বছরে ইলেক্ট্রনিক্স এবং ইলেক্ট্রিক্যাল সামগ্রীতে প্রায় ৪ শ’ ৪০ মিলিয়ন টাকা আয় করেছে।