বাংলাদেশের বস্ত্র খাতে চীনের এক মিলিয়ন ডলার বরাদ্দ
বাংলাদেশের বস্ত্র খাতে দক্ষ জনশক্তি তৈরিতে চীন সরকার এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। এ ছাড়া চীন তার বাজারে শুল্কমুক্ত প্রবেশে ৮১টি বাংলাদেশী পণ্যেরও অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এণ্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধিরা সোমবার চীনা রাষ্ট্রদূত চাই জি’র সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ ফজলুল হক।
বিকেএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রতিনিধিরা চীনের বাজারে বাংলাদেশী নীটওয়্যার পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দিতেও রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
আগামী ৬-১০ জুন চীনের কুনমিংয়ে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ইমপোর্টস এন্ড এক্সপোর্ট কমোডিটিজ ফেয়ার’-এ বাংলাদেশের ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল দল অংশ নেবে বলে বিকেএমইএ নেতারা রাষ্ট্রদূতকে জানান।
