২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বেতন স্কেল অনুমোদন করেছে সরকার

সরকার সোমবার সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের নতুন বেতন স্কেল অনুমোদন করেছে। শতকরা ৫৩ ভাগ বেতন বৃদ্ধির মাধ্যমে নতুন এ স্কেলে সর্বনিম্ন বেসিক নির্ধারণ করা হয়েছে ২,৪০০ টাকা এবং সর্বোচ্চ ২৩,০০০ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এ বছরের জানুয়ারি মাস থেকে নতুন এ স্কেল কার্যকর হবে। তবে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এটি। এর ফলে বছরে সরকারের অতিরিক্ত ৪,০০০ কোটি টাকা ব্যয় হবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সাপ্তাহিক সভায় এ অনুমোদন দেয়া হয়।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার ক্ষমতা সরকারের রয়েছে এবং এর ফলে বাজার মূল্যের ওপর কোনো প্রভাব পড়বে না।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব ডঃ সাদত হোসেনের নেতৃত্বে গঠিত সচিব পর্যায়ের পর্যালোচনা কমিটি চার স্তরের বেতন কাঠামো সুপারিশ করে। এতে প্রথম স্তরে সর্বোচ্চ বেসিক ২৫,৫০০ টাকা ও সর্বনিু ২,৬০০ টাকা, দ্বিতীয় স্তরের জন্য সর্বোচ্চ ২৪,০০০ ও সর্বনিু ২,৫০০ টাকা, তৃতীয় স্তরের জন্য সর্বোচ্চ ২৩,৫০০ ও সর্বনিু ২,৫০০ টাকা এবং চতুর্থ স্তরে সর্বোচ্চ ২৩০০০ টাকা ও সর্বনিু ২,৪০০ টাকা প্রদানের সুপারিশ করা হয়।

ডঃ সাদত হোসেন বলেন, এর মধ্যে শেষের স্তরটি অনুমোদন করেছে মন্ত্রীপরিষদ।

তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা কর্মচারিদেরকে তাদের বর্ধিত বেতনের শতকরা ৭৫ ভাগ দেওয়া হবে। তবে এমপিওভূক্ত শিক্ষকদের দেয়া হবে শতকরা ১০০ ভাগ।

সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে ডঃ সাদত হোসেন বলেন, সরকার পে কমিশনের সুপারিশ করা বেতন স্কেলের শতকরা ৭০ থেকে ৮০ ভাগ অনুমোদন করেছে। তবে কমিটির সুপারিশ করা প্রশাসনিক বিষয়গুলো বিবেচনা করেনি।

নতুন এ বেতন স্কেল তিনটি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে দেওয়া হবে বর্ধিত বেতনের শতকরা ৭৫ ভাগ। এটি আগামী মাসেই দেয়া হবে। দ্বিতীয় পর্যায়ে দেয়া হবে বাকি ২৫ ভাগ যা আগামী অর্থবছরে অর্থাৎ এবছরের জুলাই মাসে কার্যকর হবে।

নতুন বেতন কাঠামো পূণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য সরকারের অতিরিক্ত ৩,৯৭৫ কোটি টাকা দরকার হবে। এজন্য বর্তমান অর্থবছরে ৫৬৭ কোটি টাকা, আগামী অর্থবছরে ১,৬৪৩ কোটি এবং পরবর্তী অর্থবছরে ১,৭৬৫ কোটি টাকা দরকার হবে।

কর্মকর্তা কর্মচারিরা আগে যেখানে অবসর গ্রহণের ছয় মাস পর্যন্ত তাদের পুরো বেতন পেতেন, নতুন বেতন স্কেল অনুযায়ী তারা এক বছর পর্যন্ত এ সুবিধা পাবেন। এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা ও ভ্রমন ভাতাও বৃদ্ধি করা হয়েছে।

কিন্তু যানবাহনের জন্য ক্যাশ টাকা দেয়ার প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ কর্মকর্তা কর্মচারি সরাসরি এ সুবিধা পাবে। এদের মধ্যে ৮ দশমিক ২৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারি, ১ দশমিক ৪ লাখ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও ৫ দশমিক ৬ লাখ এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারি।

এর আগে সরকার গতবছর জুলাই মাসে মন্ত্রীপরিষদ সচিব মুজিবুল হককে প্রধান করে ৬ষ্ঠ জাতীয় বেতন কমিশন গঠন করে। ছয়মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে পরপর ভয়াবহ দু’টি বন্যার কারণে প্রতিবেদন জমাদানের সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়।

এ বছর ২ ফেব্রুয়ারি কমিটি প্রধানমন্ত্রীর কাছে ওই প্রতিবেদন জমা দেয়। পরে প্রতিবেদন পর্যালোচনার জন্য মন্ত্রীপরিষদ সচিব ডঃ সাদত হোসেনকে প্রধান করে একটি সচিব কমিটি গঠন করা হয়।

প্রতিবেদনটি পরীক্ষা নিরীক্ষা করে সচিব কমিটি অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কাছে তা জমা দেয়। পরে অর্থমন্ত্রী প্রতিবেদনটি মন্ত্রীপরিষদে উত্থাপন করেন এবং সোমবার এটি পাস হয়।