ট্রান্স-মায়ানমার পাইপ লাইন: ঢাকা আন্তঃমন্ত্রণালয় আলোচনা শুরু করেছে
মায়ানমারের গ্যাস ভারতে নেয়ার জন্য ট্রান্স মায়ানমার পাইপ লাইন নির্মাণের রাইট অব ওয়ে দেয়ার বিনিময়ে বাংলাদেশের তিন শর্ত আদায়ের কৌশল নির্ধারণে বিভিন্ন মন্ত্রণালয় আলোচনা শুরু করেছে।
সংশ্লিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তারা আজ সোমবার জ্বালানি মন্ত্রণালয়ে প্রথম দফা আলোচনায় মিলিত হন।
আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালগুলোকে এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে তাদের মতামত জ্বালানি মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বৈঠকে অংশ নেন।
এই তিন মন্ত্রণালয় ছাড়াও, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচ্য পাইপ লাইন নির্মাণে রাইট অব ওয়ে দেয়ার বিনিময়ে বাংলাদেশ ভারতকে দু‘দেশের বাণিজ্য বৈষম্য কমিয়ে আনা এবং ভুটান ও নেপালের সাথে পণ্য পরিবহন ও বিদ্যুত সঞ্চালন করিডোর দেয়ার শর্ত আরোপ করে।
ভারত নীতিগত ভাবে শর্ত পূরণে সম্মত হওয়ার পর তারা বাংলাদেশের কাছ থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে। এই প্রস্তাব এবং কৌশলপত্র প্রনয়ণে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠানের বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেন।
ট্রান্স মায়ানমার পাইপ লাইন নির্মাণ নিয়ে গত ১২ ও ১৩ জানুয়ারি ইয়াঙ্গুনে মায়ানমার, ভারত ও বাংলাদেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ঘোষণায় বলা হয়, বাংলাদেশ এই পাইপ লাইন নির্মাণে তিনটি শর্ত পুরণ সাপেক্ষে রাইট অব ওয়ে দিতে সম্মত।
সভার সিদ্ধান্ত অনুসারে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে তিন দেশের কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই পাইপ লাইন বিষয়ক একটি খসড়া সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়।
প্রস্তাব এবং কৌশলপত্র চূড়ান্ত হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পেট্রেলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ারকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়ে আলোচনার জন্য তিনি বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
