চা শিল্পের উন্নয়ন করতে হলে চা-শ্রমিকদের জীবনমানের উন্নতি জরুরি
ইংরেজ বনিকরা সোনালী স্বপ্নের আশ্বাস দিয়ে ভারতবর্ষের বিহার, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, বাফুরা প্রভৃতি অঞ্চলের গরীব চাষী এবং সাঁওতাল, মুন্ডা ফুলবিল, নোহার, কুমী, ভূমিজ প্রভৃতি আদিবাসী গোষ্ঠীকে আজীবন কাজের শর্তে চা শ্রমিক হিসাবে এ দেশে নিয়ে আসে।
সেই থেকে জীবন-চুক্তিতে তাদের চা বাগানে প্রবেশ ঘটেছিল এবং সে ধারাবাহিকতা এখনও বর্তমান। নিষিদ্ধ জগতের নিষিদ্ধ বাসিন্দা চা বাগানের চা শ্রমিক। অন্য কোনও ক্ষেত্রে তাদের কোনও প্রবেশাধিকার নেই।
ব্রিটিশরা বিদায় নিয়েছে, পাকিস্তানি শাসন-শোষনের অবসান হয়ে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে, কিন্তু চা বাগানের চা শ্রমিকদের জীবন-চুক্তির অবসান হয়নি এখনও, বরং অনেকাংশেই তাদের দুর্গতি বেড়েছে। বাংলাদেশে ১৫৮ টি চা বাগানে প্রায় ১০ লাখের বেশী চা শ্রমিকের বাস। তাদের ভোটাধিকার আছে সত্য, কিন্তু নেই কোনও নাগরিক অধিকার।
এসব শ্রমিক-পরিবারের মাত্র ৮০ হাজার শ্রমিক কর্মরত আছে। বাকিরা সবাই বেকার। একটি পরিবারের একজনই কাজ করে, বাকিরা বেকার থাকে নয়তো বেগার খাটে। পানির দামে শ্রম ক্রয় করে অধিক মুনাফা অর্জনই এর নেপথ্য কারন।
চা শিল্পের শ্রমিকরা অন্যান্য শিল্পের শ্রমিকদের তুলনায় নাগরিক ও ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত। ব্রিটিশদের তৈরি শ্রম আইনের ১৯ ধারার মতো অমানবিক ধারা চা বাগানে এখনও কার্যকর। তাদের একটি ইউনিয়ন থাকলেও চাঁদা আদায় ছাড়া এর অন্য কোনও কাজ নেই। চা শিল্পের উন্নয়নের প্রয়োজনেই শ্রমিকদের জীবনমান ও ন্যায্য মজুরির নিশ্চয়তা বিধান জরুরি।
১৯৯৩ সালে আমাদের দেশে চা উৎপাদনের পরিমান ছিল প্রায় ৫ হাজার ১ শত মিলিয়ন কেজি। গত ১২ বছরে উৎপাদন ১১০০ মিলিয়ন কেজি বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারপরও ভারত, শ্রীলঙ্কা, কেনিয়া প্রভৃতি দেশের তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ।
১৯৭০ সালে বাংলাদেশে মাত্র ৩,১৩৮ মিলিয়ন কিলোগ্রাম চা উৎপন্ন হতো ১৯৯৪ সালে তা বেড়ে ৫,১৫৪ মিলিয়ন কিলোগ্রামে দাঁড়ায়। ১৯৭০ সালে এক কুইন্টাল চা-এর গড় বিক্রয় মূল্য ছিল যেখানে ১,৭৯০ টাকা ১৯৯৪ এ তা ৪,১২৫ টাকায় দাঁড়ায় এবং ১৯৯৫-এ তা বৃদ্ধি পেয়ে ৪,৮০০ টাকায় দাঁড়ায়, ১৯৯৬-১৯৯৮ সালে ৬,০৯৫ টাকায় দাঁড়ায়। মোট কথা চা থেকে আয়ের পরিমান দিন দিনই বাড়ছে।
যদি বৈদেশিক চাহিদা বৃদ্ধি পায় তবে চায়ের দামও বাড়বে, আয়ও বাড়বে। কিন্তু মূল্য বৃদ্ধিতেও বাংলাদেশের তেমন লাভ হচ্ছে না। চা-এর গুনগত মানের নিম্নগতি এবং উৎপাদকদের যথোচিত কৌশল অবলম্বনে দুর্বলতার কারণে বিশ্ববাজারে বাংলাদেশের চা মার খাচ্ছে। চা এর মূল্য বাড়ার সাথে সাথে এর উৎপাদন ব্যয়ের বৃদ্ধির কথা বলা হয়। কিন্তু এর সাথে জড়িত শ্রমিকদের জীবনমানের উন্নতির কথা কখনও বলা হয় না। অথচ
সুকৌশলে উৎপাদন খরচ বেশি দেখানো হচ্ছে।
এছাড়া কচি পাতার সাথে বড় পাতা এমনকি বাতিল পাতা মিশিয়ে বাজারজাতকরণের অভিযোগ রয়েছে। গুনগত মানের এই নিুগতির কারণে বাজার হাতছাড়া হচ্ছে। এই শিল্পের বিকাশে চা বোর্ডের দায়িত্ব অপরিসীম। কিন্তু চা বোর্ডের ভূমিকা এ ক্ষেত্রে হতাশাব্যঞ্জক। অথচ ভারত, কেনিয়ার চা বোর্ড এক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে চলেছে।
চা সম্পর্কে যার ন্যুনতম ধারনা নেই তেমন লোককে চা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করার একটা রেওয়াজ যেন তৈরি হয়েছে আমাদের দেশে। জিয়াউর রহমান ও এরশাদ সরকারের আমলে এর যে সামরিকীকরণ ও আমলাতান্ত্রিকীকরণ শুরু হয়েছিল বর্তমান বিএনপির গনতান্ত্রিক সরকারও তা থেকে মুক্ত হতে পারেনি। এ ক্ষেত্রে চা বিশেষজ্ঞদের বা চা-সংশ্লিষ্ট ব্যক্তিদের বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হলে ভাল কিছু আশা করা যায় বলে অভিজ্ঞ মহল জানিয়েছে।
চা চাষের এলাকার দিক থেকে মৌলভীবাজার জেলার অবস্থান শীর্ষে। জেলার প্রায় ৮০ হাজার একর জমিতে বছরে প্রায় ৭ কোটি পাউন্ড চা উৎপাদিত হয়, যা দেশের মোট উৎপাদনের ৮০ ভাগ। দেশের বৃহৎ নামীদামী চা বাগানের প্রায় সবগুলোই এ অঞ্চলে।
বিশ্ববাজারে বাংলাদেশের চা এর এখনও যথেষ্ট চহিদা রয়েছে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এর গুনগত মানের উন্নয়ন ঘটিয়ে আমরা সহজেই বিশ্ব বাজার নিজেদের আয়ত্বে আনতে পারি।
