২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বিএসপি ও নোয়াব: নিউজপ্রিন্টের আমদানি শুল্ক কমানোর দাবি

বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) সংবাদপত্রের শিল্পের জন্য আমদানি করা নিউজপ্রিন্টের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার বা ৫ শতাংশে নির্ধারণ করার দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

এছাড়াও স্থানীয় মিলের নিউজপ্রিন্ট ব্যবহার সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্কুলার বাতিলেরও প্রস্তাব করা হয়েছে।

রোববার বিএসপি ও নোয়াবের একটি প্রতিনিধি দল এনবিআর চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ দাবি জানান। এ সময় বিএসপি ও নোয়াবের পক্ষে উপস্থিত ছিলেন ইত্তেফাক ও নিউনেশন সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

বৈঠকে বিএসপি ও নোয়াব নেতৃবৃন্দ জানান, আন্তর্জাতিক বাজারে বিগত ২ বছর ধরে নিউজপ্রিন্টের দাম বেড়ে গেছে টনপ্রতি প্রায় ১৫০ ডলার। দুই বছর আগেও আমদানি করা নিউজপ্রিন্টের প্রতি টনের মূল্য ছিল ৪১ হাজার টাকা, বর্তমানে তা হয়েছে ৪৯ হাজার ৫শ টাকা।

এর পাশাপাশি সরকার চলতি ২০০৪-০৫ অর্থবছরের বাজেটে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক হার ২ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করেছে। ফলে সব মিলিয়ে এখন নিউজপ্রিন্ট আমদানিতে সিএন্ডএফ মূল্যের উপর অতিরিক্ত প্রায় ৬০ শতাংশ শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ পরিশোধ করতে হয়। এছাড়াও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে গত ২ বছরে নিউজপ্রিন্ট এর দাম বেড়েছে টন প্রতি আরও প্রায় ৫ হাজার টাকা।

এনবিআর চেয়ারম্যানকে প্রতিনিধিদল জানান, রাজস্ব বোর্ডের জারী করা এসআরও অনুযায়ী এবিসি কোটার ৫০ শতাংশ নিউজপ্রিন্ট স্থানীয় উৎপাদকদের কাছ থেকে কেনার শর্তে বাকি ৫০ শতাংশের আমদানি শুল্ক ২৫ শতাংশ রেয়াতের যে বিধান চালু রয়েছে তা উপকারে আসছে না। কেননা দেশীয় নিউজপ্রিন্ট এর মান ভালো না হওয়ায় নির্ধারিত সময়সীমার মধ্যে পত্রিকা ছাপা শেষ করা সম্ভব হয়না এবং ক্ষতির পরিমাণও বেড়ে যায়। ফলে স্থানীয় মিলের উপর নির্ভর করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

প্রতিনিধিদল এনবিআরকে দেওয়া লিখিত বক্তব্যে বলেন, আন্তর্জাতিক বাজারে নিউজপ্রিন্ট এর দর বাড়ছে, আবার সরকারও শুল্ক হার বাড়িয়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে সংবাদপত্রের সঙ্গে জড়িত হাজার হাজার সাংবাদিক কর্মচারির ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে যাবে। এ প্রেক্ষিতে বিএসপি ও নোয়াব নেতৃবৃন্দ আমদানি শুল্ক প্রত্যাহার বা ৫ শতাংশে নির্ধারণ, স্থানীয় নিউজপ্রিন্ট ব্যবহার সংক্রান্ত এসআরও বাতিল এবং সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাড়ার দাবি জানান।