এজিএম না করায় ২ কোম্পানির ১১ কর্মকর্তার জরিমানা
পরপর দুই বছর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন না করায় রোববার সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) দু’টি কোম্পানির ১১ জন কর্মকর্তাকে জরিমানা করেছে।
এসইসি সূত্রে জানা যায়, ২০০৩ ও ২০০৪ সালে এজিএম না করার কারণে ঈগল বক্স এন্ড কার্টন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় কর্মকর্তার প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই অপরাধে মোনা ফুড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকেও একই পরিমাণ জরিমানা করেছে এসইসি।
ঈগল বক্স এন্ড কার্টন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের জরিমানাকৃত কর্মকর্তারা হলেন-চেয়ারম্যান এমএ মতিন, ব্যবস্থাপনা পরিচালক আক্তার মাহমুদ চৌধুরী, পরিচালক মোবাশ্বের হোসাইন, শাহানারা আক্তার মতিন, মাহের মানজের মতিন এবং মোহাম্মদ আক্তারুজ্জামান।
মোনা ফুড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এমএ বাশার, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. জাহিদ হোসাইন এবং পরিচালক আহমেদ ফাইয়াজুল বাশার, আম্বর বাশার ও ডিএইচ বাহারকেও জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, জরিমানার টাকা ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে। কেউ এই তারিখের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ হলে পরবর্তী প্রতি দিনের জন্য দশ হাজার টাকা করে অর্থদণ্ড দিতে হবে।
