ইপিবি কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলেন রপ্তানিকারকরা
স্থানীয় রপ্তানিকারকরা শনিবার রপ্তানী উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক মেলায় যোগ দিতে গেলে তাদের (ইপিবি কর্মকর্তাদের) কাছ থেকে কোনও সহযোগিতা পান না।
স্থানীয় রপ্তানিকারকরা দুঃখ প্রকাশ করে বলেন, পূর্ণ সহযোগিতা ও বাংলাদেশ মিশনের সাথে যোগাযোগ রক্ষার পরিবর্তে ইপিবি কর্মকর্তারা বিদেশী শহরে ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করেন।
দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকা রপ্তানিকারকদের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দেয়ার মাত্র এক দিন পর স্থানীয় রপ্তানিকারকরা এ অভিযোগ করলেন।
ঢাকা চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রির কনফারেন্স কক্ষে আয়োজিত ‘রেজাল্ট অরিয়েন্টেড পার্টিসিপেশন ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
এছাড়াও তারা রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা ও দেশের বাইরে গেলে যেন তাদের পূর্ণ সহযোগিতা করা হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে বাণিজ্য মন্ত্রণালযের প্রতি আহ্বান জানান।
সেমিনারে উপস্থিত বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা পাল্টা অভিযোগ করেন, রপ্তানিকারকরা দেশের বাইরর অনুষ্ঠিত মেলায় সঠিকভাবে অংশগ্রহণ করে না।
রপ্তানিকারকরা দুঃখ প্রকাশ করে বলেন, সরকার শুধু পোশাক খাতের ওপর মনোযোগ দেয়। কিন্তু পোশাক ছাড়া আরও অনেক পণ্য রয়েছে, যা লাভজনক রপ্তানি পণ্যে রূপান্তরিত হতে পারে।
মন্ত্রণালয়ের সুষ্ঠু মনোযোগের অভাবে দেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্যগুলো কারও নজরে পড়ছে না।
