২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংকের দায় মুক্তি বিল পাস না করার আহ্বান জানিয়েছে সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠন

সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনের বক্তারা বলেছেন, জনগণের মৌলিক অধিকার উপেক্ষা করে এবং সংবিধান লংঘন করে বিশ্বব্যাংককে দায় মুক্তি দিয়ে বিল পাস করা উচিত নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

নগরীর এলজিইডি মিলনায়তনে শনিবার এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

আলোচনা সভায় তারা সরকারকে এ বিল পাস না করার অনুরোধ জানান। একই সাথে তারা এ বিল যাতে পাস না হতে পারে, সেজন্য জনগণকে তা প্রতিহত করার আহ্বান জানান।

বক্তারা বলেন, আইনের আওতার বাইরে স্বচ্ছতা নিশ্চিত হতে পারে না।

তারা বলেন, এ ব্যাপারে তথাকথিত দাতাদের কথা না শুনে সরকারের উচিত ভোটারদের কথা শোনা। দাতাসংস্থাগুলো দরিদ্র দেশের আইন প্রণয়নের ব্যাপারে হস্তক্ষেপ করে বলে আলোচকবৃন্দ উল্লেখ করেন।

নিউ এজ পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুল কবিরের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক আনু মোহাম্মদ, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল এবং বিশ্বব্যাংকের দায় মুক্তি বিরোধী জোটের নেতা জাকির হোসেন, রেজাউল করিম চৌধুরী, শরিফ এ কাফি প্রমুখ।

অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দায় মুক্তি বিল পাস হলে দেশে আধিপত্যবাদের বৈধতা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল ও বিশ্ব বানিজ্য সংস্থা সাম্রাজ্যবাদের ‘অগ্রগামী দল’ হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, দায় মুক্তি বিল বিশ্বব্যাংককে জনগণের ক্ষোভ থেকে রক্ষা করতে পারবে না।

অ্যাডভোকেট সলিমুল্লাহ খান আশঙ্কা প্রকাশ করেন যে, কিছু স্বার্থান্বেষী মহলের কারণে দেশ বহুজাতিক কোম্পানির কেন্দ্রস্থলে পরিণত হবে।

ডঃ আমিনুর রহমান বলেন, দায় মুক্তির ফলে জনগণ বিশ্বব্যাংকের বিরুদ্ধে তাদের কথা বলার মৌলিক অধিকার হারাবে।

তিনি বলেন, সরকার বিশ্বব্যাংককে দায় মুুক্তি দিলে একে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বিশ্বব্যাংক অন্যান্য দরিদ্র দেশকেও দায় মুক্তি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করার সুযোগ পাবে।

অনেক বক্তা বলেন, বিশ্বব্যাংকের সকল কার্যক্রম যদি সঠিক ও জনগণের কল্যাণে পরিচালিত হয়, তবে দায় মুক্তি দিতে হবে কেন? তাই বিশ্বব্যাংকের দায় মুক্তি চাওয়া সন্দেহজনক।

বিল পাস হওয়ার পরের দিন বিশ্বব্যাংক দায় মুক্তি বিরোধী জোট জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করবে। এছাড়া বিল পাসের প্রতিবাদে জোট ১৫ থেকে ১৮ মে পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টায় শাহবাগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে।

বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর কঠোর সমালোচনা সত্ত্বেও গত অক্টোবরে ‘দ্যি ইন্টারন্যাশনাল ফিন্যানসিয়াল অর্গানাইজেশন (সংশোধনী) অ্যাক্ট, ২০০৪’ শীর্ষক এ বিলটি সংসদে উত্থাপন করা হয়। সংসদের চলতি অধিবেশনে এটি পাস হতে পারে।