শেয়রাবাজারে ধসের কারণে এ সপ্তাহেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সভা
শেয়রাবাজারের অব্যাহত ধসের কারণে এ সপ্তাহেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তারা আলোচনায় বসবে বলে জানিয়েছেন এসইসি চেয়ারম্যান মিরাজ আজিজুল ইসলাম।
গত সপ্তাহের অব্যাহত ধসের পর শনিবার আবারো শেয়ারসূচকের পতন ঘটে। এ সংকট মোকাবেলায় কমিশনের কর্মকর্তারা ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসবেন।
এসইসি চেয়ারম্যান মিরাজ আজিজুল ইসলাম বিডিনিউজকে বলেন, কেউই এ পতনের জন্য আমাদের দায়ী করতে পারবে না। আমরা স্টক এক্সচেঞ্জের সবরকম নিয়ম নীতি মেনে চলছি।
আগামী বাজেটকে সামনে রেখে কর সংক্রান্ত কিছু গুজবকে কেন্দ্র করে শেয়ারের এই পতন ঘটতে পারে বলে এসইসি চেয়ারম্যান মনে করেন। তিনি অবশ্য জানিয়েছেন, আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
