প্রচলিত শ্রমিক অধিকার আইনসমূহ সংস্কার ও যথাযথ প্রয়োগের দাবি
দেশে প্রচলিত শ্রমিক অধিকার সংক্রান্ত আইনসমূহ সংস্কার ও যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম। তারা স্পেকট্রাম সোয়েটার কারখানার মালিককে গ্রেফতার এবং আহতদের সুচিকিৎসা প্রদানেরও দাবি জানায়।
বেইলি রোডের বাংলাদেশ প্রফেশনাল উইমেন্স ক্লাব মিলনায়তনে ফোরামের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত ‘স্পেকট্রাম সোয়েটার কারখানা বিপর্যয় : মালিকপক্ষের দায়, ক্ষতিপূরণ, শ্রমিক অধিকার এবং নিয়ন্ত্রক সংস্থাসমূহের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
দেশের ১৬টি অধিকারভিত্তিক সংগঠনের সমন্বয়ে শ্রমিক নিরাপত্তা ফোরাম গঠিত হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ড. হামিদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের রেখা চৌধুরী, আইন ও সালিশ কেন্দ্রের এডভোকেট সুলতানা কামাল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির তাসলিমা ইসলাম, জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি সালাউদ্দিন স্বপন, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারি লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, অক্সফামের পলাশ কান্তি দাশ, আবু আলা মাহমুদুল হাসান, আইন ও সালিশ কেন্দ্রের অসীম দাস প্রমুখ। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন কর্মজীবী নারী’র শিরিন আখতার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের সরকারি পরিচালক সোমা ইসলাম।
সভায় এডভোকেট সুলতানা কামাল বলেন, বিজিএমইএ ক্ষতিপূরণ প্রদানের জন্যে পত্রিকায় দেয়া বিজ্ঞাপনে উল্লেখ করেছে, শ্রমিকদের নিয়োগপত্র থাকতে হবে, থানায় দায়ের করা এফআইআরের কপি থাকতে হবে। কিন্তু গার্মেন্টেসের অধিকাংশ শ্রমিকের নিয়োগপত্র থাকে না। আর থানায় দায়ের করা এফআইআরে মাত্র ২০ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের অসীম দাস বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানী আমলে প্রণীত আইনে কোনো শ্রমিকের মৃত্যু হলে ২১ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে। কিন্তু পরবর্তি সময়ের মধ্যে জিনিসপত্রের দাম বেড়েছে প্রায় ১০০ গুণ। তাই এই আইন সংশোধন করে ক্ষতিপূরণ ২১ লক্ষ টাকা করা প্রয়োজন।
সালাউদ্দিন স্বপন বলেন, বিভিন্ন গার্মেন্টেসে দুর্ঘটনায় গত ১৫ বছরে তিন শতাধিক শ্রমিক নিহত হয়েছে। কারখানা পরিদর্শকরা যথাযথ দায়িত্ব পালন করলে এ সকল ঘটনা ঘটতো না। গার্মেন্টেসের দুর্ঘটনার জন্যে সরকারি কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা প্রয়োজন।
সিরাজুল ইসলাম রনি বলেন, স্পেকট্রাম এর মালিককে গ্রেফতারে বাধ্য করতে জোরদার আন্দোলন করা দরকার।
সভাপতির ভাষণে ড. হামিদা হোসেন বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় ও আইন সংস্কারের জন্যে শ্রমিক নিরাপত্তা ফোরাম অব্যাহতভাবে কাজ করে যাবে। তবে এ মুহূর্তে চিকিৎসাধীন শ্রমিকদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা জরুরী। ফোরাম এ ব্যাপারেও কাজ করছে এবং সরকারসহ সংশ্লিষ্ট সকলে ভূমিকা রাখতে এগিয়ে আসবে বলে আশা করছি।
