দেশের মেধা স্বত্ত্ব সমৃদ্ধিতে গবেষণার ওপর জোর দিতে হবে: নিজামী
শিল্প মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী দেশের উন্নয়নে মেধা স্বত্ত্বের সমৃদ্ধি ও সঠিক ব্যবহারের জন্য গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন।
বিশ্ব মেধা স্বত্ত্ব দিবস উদযাপন উপলক্ষ্যে এফবিসিসিআই অডিটোরয়ামে আয়োজিত ‘উন্নয়নশীল দেশে মেধা স্বত্ত্বের ভুমিকা’ শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
এ বছর দিবসটির প্রধান প্রতিপাদ্য বিষয় ‘চিন্তা, কল্পনা ও উদ্ভাবন’।
শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্যাটেন্ট, ডিজাইন এন্ড ট্রেডমার্ক বিভাগ ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল আউয়াল মিন্টু।
শিল্পমন্ত্রী বলেন, মেধা স্বত্ত্ব উন্নয়নে গবেষণার কোনও বিকল্প নেই।
মন্ত্রী বলেন, বিশ্বায়ন প্রতিযোগিতার সাথে তাল মেলাতে চাইলে গবেষণা কাজে গুরুত্ব দিতে হবে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় শিল্পপতিরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।
তিনি বলেন, মেধাস্বত্ত্বের অপব্যবহার ও দুর্নীতি রোধে সময়ের প্রয়োজনে দেশের কপি রাইট আইন সংশোধন করতে হবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং মন্ত্রণালয়ের সচিব নুরুল আমিন বক্তৃতা করেন।
সেমিনারে ‘বাংলাদেশের মেধা স্বত্ত্ব রোধ’, ‘মেধাস্বত্ত্বের সাথে সক্রিয় জাতি গঠন’ এবং ‘আইপি : অর্থনৈতিক উন্নয়ন ও আইটি’ র ওপর তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
পরে অনুিষ্ঠত উন্মুক্ত আলোচনায় দেশের আইটি শিল্পের প্রতিনিধিরা, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করেন।
