জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম খাদ্য ও বীজ বাংলাদেশে নিষিদ্ধের দাবি
জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম (জিএমও) খাদ্য আমদানি এবং উৎপাদন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে নারীগ্রন্থ প্রবর্তনা। তাদের মতে, মানব শরীর ও পরিবেশের জন্যে ক্ষতিকর জিএম খাদ্যের ব্যবসায়িক স্বার্থ ছাড়া আর কোনো ইতিবাচক দিক নেই।
মঙ্গলবার মোহাম্মদপুরের স্যার সৈয়দ ইকবাল রোডের নারীগ্রন্থ প্রবর্তনা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রবর্তনার নির্বাহী পরিচালক ফরিদা আখতার। উপস্থিত ছিলেন প্রবর্তনার সমন্বয়ক সাইদা আখতারসহ সংগঠনের কর্মীরা ।
ফরিদা আখতার জানান, জিএমও খাদ্য গ্রহণ করার ফলে মানুষের শরীরে এলার্জি সৃষ্টি হয়। স্থুল হয়ে যায় মানুষ। এ সব স্বল্পমেয়াদি প্রতিক্রিয়া। দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া নিয়ে এখনও কোনো গবেষণা হয়নি। ধারণা করা হয়, মানব শরীরের জন্যে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাবও আছে।
তিনি জানান, প্রথমে জিএমও খাদ্য পশু খাদ্য হিসেবে তৈরি করা হয়েছিলো। পরে মানুষের জন্যে এই খাদ্য বাজারজাত করা হয়। মানুষের খাদ্য হিসেবে এর উপযোগিতা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং এতে পার্শ্ব প্রতিক্রিয়া থাকার সম্ভবনা বেশি।
তিনি আরও জানান, উফশী ও হাইব্রিডের পর কৃষিতে নতুন কৃৎ কৌশল হিসেবে এসেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন। এক প্রাণ থেকে বিশেষ জিন নিয়ে অন্য প্রাণে ঢুকিয়ে দিয়ে তার বংশীয় চরিত্র বদল করার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। টমেটোর মধ্যে মাছের জিন বা মুরগির মধ্যে পোকার জিন দেয়া হচ্ছে। গভীর ও শীতল পানির মাছের জিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে টমেটোর ভেতর। এতে হিমাগার ছাড়াই দীর্ঘদিন টমেটো টাটকা থাকে।
ফরিদা আখতার জানান, গ্রিন পিসের এক গবেষনায় দেখা গেছে, মানুষের বিভিন্ন খাদ্যে মাছ, ইঁদুর, মানুষ, মুরগির জিন ঢুকিয়ে দিয়েছে বিভিন্ন কোম্পানী। অস্ট্রেলিয়ায় গরুর মধ্যে নারীর জিন ঢুকিয়ে দেওয়ার জন্যে এক গবেষণা চলছে।
ফরিদা আখতার দাবি জানিয়ে বলেন, ইউরোপ ইতিমধ্যে জিএমও মুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ার কোনো কোনো অঞ্চলকে জিএমওমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরাও সারা বাংলাদেশকে জিএমও মুক্ত দেখতে চাই।
তিনি জানান, নারীগ্রন্থ প্রবর্তনাসহ অন্যান্য সংগঠন যৌথভাবে বাংলাদেশকে জিএমও মুক্ত করার দাবিতে অচিরেই অনশনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
