২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে

প্রখ্যাত অর্থনীতিবিদ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সোমবার বিদেশি বিনোয়োগকে আকৃষ্ট করতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ইঙ্গিত দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পরিবর্তনশীল বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে তিনি আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের আয়োজনে ‘ এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিশ্বায়নের প্রভাব: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক এক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ ইঙ্গিত দেন।

আইসিসি,বাংলাদেশ’র সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত মাতসুহিরো হরিগুচি, সাবেক সচিব হাসনাত আব্দুল হাই, ফারুক সোবহান, এশিয়া ফাউণ্ডেশনের প্রকল্প পরিচালক ফারুক এ চৌধুরী, ইউএনডিপি’র সহকারি প্রতিনিধি দিলরুবা হায়দার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজ জিএ সিদ্দিকি এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জামির।

প্রফেসর মাহমুদ বলেন, শিল্পোন্নয়নের জন্য পিছিয়ে পড়া খাতগুলোতে গুরুত্ব দিতে হবে এবং এই গুরুত্বই বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবে।

ড. মাহমুদ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিশ্বায়নের বাস্তবতা বর্ণনা করেন। তিনি পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থায় সুফল পেতে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেলস’র (বিডিআর) মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সম্পর্ক আরও বি¯তৃত করার পরিবর্তে ভাবতে হবে কি ভুল হচ্ছে।

বিইআই সভাপতি ফারুক সোবহান ভূ-রাজনৈতিক ধারণার কথা উল্লেখ করে বিশ্বায়নের প্রভাব সম্পর্কিত এই অঞ্চলে চীনের উল্লেখযোগ্য ভূমিকা, ভারতের পূঁজির গুরুত্ব এবং সরকারি সার্ভিসের কার্যকারিতার কথা উল্লেখ করেন।

দিলরুবা হায়দার অর্থনীতিতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং সুনামির মত যে কোনও ভবিষ্যৎ দুর্ঘটনা মোকাবেলার উপায় সম্পর্কে আলোচনা করেন।

ইউনাইটেড নেশনস ইকনমিক এণ্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এণ্ড প্যাসিফিক (ইউনেসকেপ) এ বছরের ১৩-১৫ মে ব্যাংককে এপিবিএফ-২০০৫ আয়োজন করেছে। সেখানে বিশ্বায়নের প্রভাব নিয়ে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে জাতীয় দুর্যোগ ব্যাবস্থাপনা নিয়েও আলোচনা করা হবে।

বাংলাদেশের পক্ষে আইসিসি সভাপতি মাহবুবুর রহমান প্রতিনিধিত্ব করবেন এবং একটি ‘পজিশন পেপার’ উপস্থাপন করবেন।

সোনাগাঁও হোটেলে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যাণ্ড, জাপান এবং থাইল্যাণ্ডের রাষ্ট্রদূত ও সাবেক সচিব, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ যোগ দেন।