অর্থমন্ত্রী গণমুখী বাজেট পেশের ব্যাপারে আশাবাদী
একুশ শতকের উন্নয়নের লক্ষ্য অর্জন ও সমষ্টিক অর্থনীতিতে স্থিরতা রক্ষায় গণমুখী বাজেট পেশ করা হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার এ কথা বলেন।
খুব শিগগিরই দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) চূড়ান্ত করা হবে এবং এর ভিত্তিতে আসন্ন অর্থ বছরের বাজেট পেশ করা হবে।
সোমবার মন্ত্রী আগামী বাজেট পরিকল্পনা নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থনৈতিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী ও ইআরএফ সভাপতি মনোয়ার হোসেনও বক্তব্য রাখেন।
সাইফুর রহমান বলেন, নির্বাচনমুখী বাজেটের পরিবর্তে আগামী বাজেট সম্পূর্ণভাবে গণমুখী হবে।
মন্ত্রী বলেন, গত তিন বছরে আমরা ব্যাপক সফলতা অর্জন করেছি। বিরোধী দল দেশের বাইরে বিভিন্ন অপপ্রচার সত্ত্বেও আন্তর্জাতিক সংগঠনগুলো আমাদের অর্জনের স্বীকৃতি দিয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রাখার জন্য ও নিজস্ব সম্পদ দিয়ে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দাতাগোষ্ঠীরা বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে বলে তিনি জানান।
এ ধরনের সাফল্য ভবিষ্যতে বজায় থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
জিডিপিতে দাতাগোষ্ঠীর (২ দশমিক ২ ভাগ) অবদানের কথা স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ দাতাদের সকল প্রস্তাব গ্রহণের মতো অবস্থায় নেই। মুক্ত বাণিজ্যের যুগে বহুপক্ষীয় দাতা সংস্থার প্রয়োজনীয়তা অনেকাংশে হ্রাস পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ব্যাংক সুদের হার হ্রাস প্রসঙ্গে তিনি বলেন, মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে দাতাগোষ্ঠিসহ বিভিন্ন মহল বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। তবে বাজেটে দারিদ্র্য বিমোচন কৌশলে সহায়ক পদক্ষেপ গ্রহন করা হবে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে সম্পদের অপব্যবহার বন্ধ করা যাবে না। এ সমস্যা মোকাবেলায় সরকার দুর্নীতি দমণ কমিশন প্রতিষ্ঠা করেছে।
অর্থমন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে আর্থিক খাতে শৃংখলাবিরোধী পদক্ষেপ গ্রহণের বিরোধী। বরং দারিদ্র বিমোচন কৌশলে সহায়ক সমষ্টিক অর্থনীতি অনুসরণ করে যাবো।”
কোটা সুবিধা উঠে যাবার পর বাংলাদেশ বিপর্যয়ের সম্মুখিন হবে যারা এধরণের কথা বলেন মন্ত্রী তাদের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, কোটা সুবিধাপ্রাপ্ত আমলের চেয়ে কোটামুক্ত সময়কালে দেশ ভাল করবে।
আগামী প্রজন্মের ওপর পূর্ণ আস্থা রেখে মন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সামনে এগিয়ে আসবে।
দেশে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বিভিন্নভাবে সুবিধা দেওয়া যেতে পারে। তবে তিনি বলেন বিনিয়োগকারীদের ট্যাক্স হলিডে’র সুবিধার ব্যাপক অপব্যবহারও হয়েছে।
তবে, মন্ত্রী দেশে বেকার সমস্যার ব্যাপকতার বিষয়টি অস্বীকার করেন।
